‘আঠারোগ্রাম’-এর মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইটির নাম আঠারোগ্রাম। ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহারের ১৮টি গ্রাম নিয়ে ভিন্ন স্বাদের এই বইটি লিখেছেন সুশীল জন গোমেজ। বহুকাল থেকে এই গ্রামগুলোতে প্রধানত খ্রিষ্টান সম্প্রদায়ের বসবাস। তবে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মানুষও আছেন। এই এলাকাটি আঠারোগ্রাম বলেই পরিচিত। লেখক মূলত খ্রিষ্টান অধ্যুষিত এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, নিজ সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা এবং অন্য সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক সম্প্রীতির দিকগুলো তুলে ধরেছেন। এ ছাড়া ওই ১৮টি গ্রামের অন্যতম দুটি গ্রাম কলাকোপা ও বান্দুরার কিছু ঐতিহ্যবাহী স্থাপনার বৃত্তান্তও রয়েছে বইটিতে। ফলে গ্রন্থটি একটি আঞ্চলিক ইতিহাস ও জনসাধারণের জীবনযাপনের সামাজিক বিশ্লেষণও ধারণ করছে। বইটি প্রকাশ করে ভাষাচিত্র। গত শুক্রবার বিকেলে তেজগাঁওয়ের একটি চীনা রেস্তোরাঁয় বইটির মোড়ক উন্মোচন করেন সহকারী আর্চবিশপ থিওটনেজ গোমেজ। বিশেষ অতিথি ছিলেন সিস্টার মেরিয়ান প্রেজা ও পান্নু খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডমিনেক বটলের।