‘আনন্দমেলা’য় গাইলেন কিশোর-কোনাল
ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় গাইলেন এ প্রজন্মের দুই কণ্ঠশিল্পী কিশোর ও কোনাল। সম্প্রতি বিটিভির মিলনায়তনে গানটির রেকর্ডিংয়ে অংশ নেন তাঁরা। দ্বৈতকণ্ঠের এই গানের কথা লিখেছেন শফিউদ্দিন শিকদার। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজনের কাজটিও করেছেন কিশোর।কিশোর বলেন, ‘এমনিতে বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে গান করেছি। ইচ্ছে থাকা সত্ত্বেও “আনন্দমেলা”য় কখনো গান করা হয়নি। এবারই প্রথম বিটিভির ঈদ আয়োজনের এই বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানে গান করলাম। চমত্কার কথার এই গানে কণ্ঠ দিতে পেরে ভালো লাগছে।’কোনাল বলেন, ‘কিশোর আমার অনেক ভালো একজন বন্ধু। গানটির ভাবনা নিয়ে সে যখন আমার সঙ্গে আলোচনা করেছিল, তখনই ভালো লাগে। বলতে পারেন, এককথায় রাজি হয়ে যাই। খুবই ভালো একটি গান। সবারই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের প্রযোজক শফিউদ্দিন শিকদার বলেন, ‘কিশোর আমার দেখা এ সময়ের সবচেয়ে মেধাবী একজন কণ্ঠশিল্পী। তাঁর গায়কি বরাবরই আমাকে মুগ্ধ করে। এবার যখন “আনন্দমেলা”র পরিকল্পনা করি, তখনই গানের ক্ষেত্রে প্রজন্মকে উপস্থাপন করার ব্যাপারটি ভেবেছিলাম। তাই তরুণ প্রজন্মের কথা ভেবে কিশোর আর কোনালের অন্তর্ভুক্তি।’ ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় এবারের ‘আনন্দমেলা’য় আরও তিনটি গানের দুটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিত্ ও তপন চৌধুরী-শাকিলা জাফর এবং একটি গান করেছে ব্যান্ড দুরবীন।