'আনন্দমেলা'র উপস্থাপক আনজাম মাসুদ

এবার বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন আনজাম মাসুদ। এরই মধ্যে বিটিভি কর্তৃপক্ষ আনজাম মাসুদকে অনুষ্ঠানটি উপস্থাপনার ব্যাপারে চূড়ান্ত সম্মতি জানিয়েছে। এর মধ্য দিয়ে দুই বছর পর আবারও ‘আনন্দমেলা’ উপস্থাপনা করতে যাচ্ছেন আনজাম মাসুদ।
‘আনন্দমেলা’ উপস্থাপনা প্রসঙ্গে প্রথম আলোকে আনজাম মাসুদ বলেন, ‘ঈদে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “আনন্দমেলা” উপস্থাপনা করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। সব বিষয় মাথায় রেখেই অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। এবারের পরিকল্পনায় দর্শকেরা নতুন অনেক কিছু দেখে আনন্দ পাবেন। জুন মাসের ২৫ তারিখ থেকে আউটডোর দৃশ্যের কিছু কাজ শুরু করব। পরে স্টুডিও অংশের দৃশ্যায়নের কাজ করব।’
আনজাম মাসুদ এও বলেন, ‘এবারের “আনন্দমেলা” অনুষ্ঠানটি হবে তারুণ্যনির্ভর। মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এবারের অনুষ্ঠানে পারফর্ম করবেন। এরই মধ্যে কয়েকজনের সঙ্গে আলাপ-আলোচনা চূড়ান্ত হয়েছে। কিছুদিনের মধ্যে সব পারফর্মারের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়ে যাবে।’
সারোয়ার মিয়ার প্রযোজনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ বরাবরের মতো প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। উপস্থাপনার পাশাপাশি ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করছেন আনজাম মাসুদ।
উল্লেখ্য, ১৯৯৬ সালে আনজাম মাসুদ বিটিভিতে ‘আজকাল’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন। ২০০১ সালের শুরুর দিক পর্যন্ত অনুষ্ঠানটির উপস্থাপনার কাজ চালিয়ে যান তিনি। এরপর এটিএন বাংলার জন্য ‘এক দুই তিন’ এবং ‘আজ কাল পরশু’ নামের আরও দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেন আনজাম মাসুদ।