‘আনন্দমেলা’র উপস্থাপক আব্দুন নূর তুষার
বিটিভিতে এবার ঈদের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেছেন আব্দুন নূর তুষার। পাশাপাশি গ্রন্থনা ও পরিকল্পনাও করেছেন তিনি; বললেন, ‘আমি পরিচ্ছন্ন এবং সবার রুচির সঙ্গে মিলে যায় এমনই একটি অনুষ্ঠান তৈরির চেষ্টা করেছি। আশা করছি, পরিবারের সবাই একসঙ্গে বসে এই ম্যাগাজিন অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।’ ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে ‘আনন্দমেলা’। প্রযোজনা করেছেন মো. সারোয়ার। কী থাকছে এবারের ‘আনন্দমেলা’য়? তুষার জানান, গান গেয়েছেন এলআরবি, আঁখি আলমগীর (গানটির গীতিকার শফিউদ্দিন শিকদার), কনা এবং বিটিভির একসময়ের খুব পরিচিত শিশুশিল্পী—আজ যারা প্রতিষ্ঠিত, এই শিল্পীরা। আছে রবীন্দ্রসংগীতের ওপর নতুন ধরনের নাচ। থাকছে সামাজিক নানা বিষয়ের ওপর কৌতুক স্কিড। বিভিন্ন সময় ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ, আনিসুল হক ও আফজাল হোসেন। এই অনুষ্ঠান করার মজার অভিজ্ঞতার কথা বলেছেন তাঁরা। হুমায়ূন আহমেদের চারটি জনপ্রিয় ধারাবাহিক নাটক—এইসব দিনরাত্রী, কোথাও কেউ নেই, বহুব্রীহি ও অয়োময় নিয়ে থাকছে একটি পর্ব।