'আন্ডার কনস্ট্রাকশন' দিয়ে শুরু হবে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্ডার কনস্ট্রাকশন
আন্ডার কনস্ট্রাকশন

‘আন্ডার কনস্ট্রাকশন’ দিয়েই শুরু হচ্ছে তাইচাংয়ের ওম্যান মেক ওয়েবস ফিল্ম ফেস্টিভ্যালের ২৩তম আসর। তাইচাং ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে বিশ্বের বৃহত্তম নারী চলচ্চিত্র উৎসব, যা তাইওয়ানের তাইপেই ও তাইচাং নামে দুটি ভিন্ন শহরে অনুষ্ঠিত হয়। এরই মধ্যে গত ১০ অক্টোবর শুরু হয়েছে তাইপের আয়োজন। আর আগামী ২০ শে অক্টোবর উদ্বোধন হবে তাইচাং-এর উৎসব। তাইওয়ানের এই দুই শহরে তিনটি করে প্রদর্শনী হবে রুবাইয়াত হোসেনের আন্ডার কনস্ট্রাকশন চলচ্চিত্রটির।
ইতিমধ্যে নিউইয়র্কে এশিয়ান আমেরিকান ফিল্ম ফেস্টিভ্যাল ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর জন্য সেরা উদীয়মান পরিচালকের পুরস্কার পেয়েছেন রুবাইয়াত হোসেন। এ ছাড়া স্পেনের আইসল্যান্টিলায় সিনেফোরাম ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র পুরস্কার, কলম্বিয়ার ফুসাগাসুগা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র পুরস্কার এবং চিলিতে ইন্টারন্যাশনাল দে সিনে রেঙ্গো উৎসবে ১ মিলিয়ন চিলির মুদ্রায় নগদ পুরস্কার পায় ‘আন্ডার কনস্ট্রাকশন’।
এ ছাড়া আগামী ১৯ অক্টোবর ফ্রান্সে শুরু হতে যাওয়া সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে ‘আন্ডার কনস্ট্রাকশন’ চলচ্চিত্রটি। উৎসব এই বছরের জুরি সদস্যদের মধ্যে আছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। প্রতি বছর উৎসবে দক্ষিণ এশিয়ার একটি দেশকে ফোকাস করা হয়। এ বছর তারা বেছে নিয়েছে বাংলদেশকে। এ বছর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের সমসাময়িক চলচ্চিত্র। প্রদর্শিত হবে তারেক মাসুদের ‘মাটির ময়না’, রুবাইয়াত হোসেনের ‘মেহেরজান’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ এবং আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’।