'আন্ডার কনস্ট্রাকশন' নিয়ে বললেন তাঁরা

শুক্রবার ঢাকার চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিটি। এরই মধ্যে ছবিটির ব্যাপারে দর্শকদের আগ্রহ লক্ষ করা যাচ্ছে। ছবিটি দেখেছেন কয়েকজন স্বনামধন্য ব্যক্তি। ছবিটি দেখার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাঁরা। এর মধ্য থেকে নির্বাচিত কয়েকটি স্ট্যাটাস দেওয়া হলো এখানে।
মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘ছবিটা আমার দেখার সুযোগ হয়েছিল উদ্বোধনী প্রদর্শনীর আগেই। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, ছবিতে নারীর চোখে তার চারপাশ দেখার চেষ্টা করা হয়েছে। কিন্তু ভয় পাবেন না, রুবাইয়াত টিপিক্যাল এনজিও ছবি বানায়নি বা কেন্দ্রীয় নারী চরিত্রকে অযাচিত মহান বানানোর কোনো চেষ্টা সে করেনি। ও একটা গল্প বলার চেষ্টা করেছে তার রক্ত, মাংস, ব্যাকটেরিয়া সবসহ। বেশি কিছু বলে অহেতুক স্পয়লার দিতে চাই না। হলে গিয়ে ছবিটা দেখি সবাই, চলেন। শুভকামনা।’
আকরাম খান লিখেছেন, ‘আন্ডার কনস্ট্রাকশন ছবির গল্প, চরিত্র আমাদের খুব পরিচিত। কিন্তু আমাদের (পুরুষদের) অবজ্ঞা, অবহেলা আর অজ্ঞতার জন্য সব সময়ই এই জগৎ অন্তরালে থাকে। চলচ্চিত্রকার রুবাইয়াতকে ধন্যবাদ এবং অভিনন্দন, নারীর এই জগৎ সততা, আন্তরিকতার সঙ্গে নারীর দৃষ্টিভঙ্গি থেকে নান্দনিকভাবে সার্থক উন্মোচনের জন্য।’
অমিতাভ রেজার স্ট্যাটাস, ‘আন্ডার কনস্ট্রাকশন দেখে প্রতি মুহূর্ত কেটেছে এমন কারও কথা শুনছি যাদের আমি চিনি, আমার আশপাশের মানুষ, আমার শহরের কিন্তু মানুষগুলো রঙ্গ লাগানো না, মিথ্যা না। রুবাইয়াত হোসেন শুধু একটা মানবিক গল্পই বলেন নাই, একজন দক্ষ কারিগরের মতোই বলেছেন। এ বছর সবচেয়ে বেশি বাংলাদেশের ছবি আন্তর্জাতিক অঙ্গনে ছিল—তার একটা আন্ডার কনস্ট্রাকশন। সবাই মিলে প্রেক্ষাগৃহে যান একটি আমাদের ছবি দেখতে, রঙ্গ লাগানো সিনেমা তো অনেক হলো।’
অনিমেষ আইচ লিখেছেন, ‘রুবাইয়াত হোসেনের আন্ডার কনস্ট্রাকশন ছবি দেখে মনে আর মগজে অদ্ভুত এক প্রতিক্রিয়া নিয়ে ফিরলাম। আমার কাছে সেটাই ভালো সিনেমা, যেটা দীর্ঘ ভাবনার জন্ম দেয়। আন্ডার কনস্ট্রাকশন আমাকে ভাবিত করেছে, নন্দিনী, রয়া কিংবা বাসার কাজের মেয়েটা একেবারেই আমাদের প্রাত্যহিক জীবনের চরিত্রগুলোকে মনস্তাত্ত্বিক টানাপোড়েনের ভেতর দিয়ে অন্য চোখে দেখাতে সক্ষম হয়েছেন পরিচালক ও তাঁর দল।
যাঁরা নতুন গল্প এবং ভিন্নতর উপস্থাপনা দেখতে ভালোবাসেন, তাঁদের এই সিনেমাটি ভালো লাগবে। আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন।’
সংগীতশিল্পী অরূপ রাহি লিখেছেন, ‘আন্ডার কনস্ট্রাকশন অনেক চ্যালেঞ্জ নেওয়া ছবি হইছে। চ্যালেঞ্জ নেওয়া আর্ট করতেছে কেউ, এইটাই দারুণ লাগে আমার কাছে। শব্দ আর কংক্রিটের জঙ্গল এই ঢাকার নাগরিক মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত নারী, বিশ্ব পুঁজিবাদের বাংলাদেশ প্রান্তে গার্মেন্টস শ্রমিক নারী, পুরুষতান্ত্রিক সমাজের বাসনার জালে আটকে থাকা আর তার থেকে বের হওয়ার দ্বন্দ্ব জর্জর নারী জীবনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবীর নন্দিনীর নানান নন্দিনী হয়ে ওঠার ছবি। ছবি নিয়া বিস্তারিত পরে লেখা যাবে। আপাতত এই টুক বলি, এই ছবি দর্শকের দেখা দাবি করে। অভিনন্দন রুবাইয়াত হোসেন (পরিচালক), অভিনন্দন আশিক মোস্তফা (পরিবেশক)। অভিনন্দন আন্ডার কনস্ট্রাকশন টিম।’
আবু শাহেদ ইমনের মন্তব্য, ‘আজ দ্বিতীয়বার দেখলাম আন্ডার কনস্ট্রাকশন ছবিটি। এবার মুগ্ধতা আরও বেড়েছে। প্রথমবার দেখেছি গত ডিসেম্বর মাসে কেরালা চলচ্চিত্র উৎসবে। এক কথায় অসাধারণ! সবাইকে অনুরোধ করব হলে গিয়ে ছবিটি দেখার জন্য।’
চিত্রশিল্পী সৈয়দ ইকবাল লিখেছেন, ‘তরুণ পরিচালক রুবাইয়াত হোসেনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য ছবি আন্ডার কনস্ট্রাকশন একটি দারুণ সিনেমা, যাকে টোটাল সিনেমা বলা যায়। বোদ্ধা দর্শক থেকে সাধারণ গার্মেন্টস কর্মী সবার বোধগম্য শুদ্ধ সিনেমা। সাধারণ মানুষও খুঁজে পায় নিজকে, নিজের জীবন যাপনের যন্ত্রণাকে। নিজের কাহিনি আর চিত্রনাট্যে দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন পরিচালক রুবাইয়াত হোসেন। প্রতিটি শট টু শট যেন পরিকল্পিত, চিন্তার ফসল।’