
দৃশ্য: এক
নাছোড়বান্দা! একটা ছবি যেন তুলতেই হবে। এভাবে দুজন ভক্ত ঘিরে রেখেছে ওমর সানিকে। ‘একটু পরে তুলি?’ আমার জন্য অনুষ্ঠানের সবাই অপেক্ষা করছেন।’ এই বলে বারবার ভক্ত দুজনকে বোঝাচ্ছেন ওমর সানি। কিন্তু কে শোনে কার কথা। হাতের কাছে প্রিয় নায়ককে পেয়ে কোনোমতেই হাতছাড়া করতে রাজি না। এবার ভক্ত দুজন ওমর সানিকে উল্টো বোঝানো শুরু করলেন, ‘না, ভাইয়া, আপনি চইলা গেলে আর তো পামু না। এফডিসিতে ঢোকা বহুত পেরেশান। না কইরেন না।’ এবার মন গলল ওমর সানির। তাড়াহুড়ো করে দুটি ছবি তুললেন। তারপর দ্রুত প্রযোজক সমিতির দিকে রওনা দিলেন তিনি। সন্ধ্যার একটু আগে জসিম ফ্লোরের সামনে চোখে পড়ল এমন দৃশ্য।
প্রযোজক সমিতির সামনে গিয়ে দেখি আঙিনাজুড়ে শত শত মানুষ। কোনো ছবির শুটিং নাকি? কিন্তু লাইট, ক্যামেরা, অ্যাকশন—কোনো চিহ্ন নেই! একজনকে জিজ্ঞাসা করতেই পরিষ্কার হলো। বললেন, ‘এখানে সালমান শাহর জন্মবার্ষিকীর অনুষ্ঠান হবে। আমরা সবাই সালমানের ভক্ত।’ তখনো অনুষ্ঠান শুরু হয়নি।
মূল রাস্তা ধরে হাঁটছি। সন্ধ্যা হয়ে গেছে। কোনো ফ্লোরে শুটিংয়ের আলো জ্বলেনি। ৮ নম্বর ফ্লোরের সামনে এসে দাঁড়িয়েছি। এর মধ্যে ওই ফ্লোর থেকে বের হয়ে এলেন নিলয়। ছবির শুটিংয়ে এফডিসিতে কি না? ভাবি। আমাদের দেখে নিজ থেকেই নিলয় বললেন, ‘কোনো ছবির কাজ করছি না। সেই ভাবে ব্যাটে-বলে মিলছে না। রূপচর্চাবিষয়ক একটা অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলাম। চলে যাচ্ছি। জিমে যাব।’ বলেই মোটরবাইকের চালকের আসনে উঠে বসলেন।
দৃশ্য: দুই
৩ নম্বর ফ্লোরের প্রবেশমুখে জটলা। সাঁই করে একটা গাড়ি এসে থামল। দরজা খুলে কেউ একজন বের হলেন। অন্ধকারে বোঝা যাচ্ছে না। লোকজন ঘিরে ধরেছে। ওদিকে এগিয়ে যাই। কাছে গিয়ে দেখি শাকিব খান। ভিড় ঠেলে দ্রুতই ফ্লোরের মধ্যে ঢুকে গেলেন। আমরাও দ্রুতই পিছু নিই। ফ্লোরের মধ্যে ঢুকেই ভিরমি খেলাম। মঞ্চে কে নেই—মৌসুমী, শাকিব খান, কুসুম শিকদার, নিরব, চাষী নজরুল ইসলামসহ একঝাঁক তারকা! এর মধ্যে হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ। ফোনে কাকে যেন বলছেন, ‘তোমার আর অতিথি কই? অনুষ্ঠান তো শুরু করে দিতে হবে।’ ফোনের ওপাশ থেকে কী উত্তর এল বোঝা গেল না। এবার ফোন রাখলেন। আমরা কথা বলি তাঁর সঙ্গে। বললেন, ‘জনপ্রিয় তারকাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান নির্মাণ করছি। আজ ধারণ করা হবে। আগামী ঈদে অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে।’ এর মধ্যে তাঁর ফোন বেজে উঠল। ফোনটি কানে নিয়ে দ্রুত বেরিয়ে গেলেন।
যখন আলো-আঁধারের লুকোচুরি এফডিসির ভেতরের চারপাশে, ঠিক তখন শুটিং লাইটের আলোর সঙ্গে ঝলমলে তারকাদের উপস্থিতি মিলেমিশে ৩ নম্বর ফ্লোরের মঞ্চ আরও বেশি আলোয় উদ্ভাসিত!