'আপাতত ব্যবসা নিয়েই ব্যস্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিপুণ আক্তার
নিপুণ আক্তার

নিজের ব্যবসা নিয়েই পুরোদস্তুর ব্যস্ত অভিনেত্রী নিপুণ আক্তার। একসময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের সঙ্গে সময় কাটানো এ অভিনেত্রী এখন সময় কাটাচ্ছেন নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে। গেল বছরের শেষ দিকে বনানীতে চালু করেছেন ‘টিউলিপ নেইল অ্যান্ড স্পা’ নামের রূপসজ্জার একটি প্রতিষ্ঠান। সেখানেই ব্যস্ত সময় কাটছে তাঁর। নিপুণ বললেন, ‘আপাতত ব্যবসা নিয়েই ব্যস্ত। আমি চাই ব্যবসাটা ঠিকঠাকমতো করতে। অভিনয়-সংক্রান্ত কোনো কাজ এই মুহূর্তে নেই। এ কারণে ব্যবসাতেই সময় দেওয়া।’

দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী প্রায় ৫০টি ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া বেশ কয়েকটি টিভি নাটকেও দেখা গেছে তাঁকে। নিপুণ অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি অরূপ রতন চৌধুরী পরিচালিত ‘স্বর্গ থেকে নরক’। এ ছাড়া কিছুদিন আগে ‘ছেড়ে যাস না’ নামের একটি ছবিতে ফেরদৌসের সঙ্গে আইটেম গানে অংশ নিয়েছেন তিনি। যৌথ প্রযোজনার এ ছবিটি আছে মুক্তির অপেক্ষায়।