'আবার আসছে রঙের মানুষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণ। আজ বাংলাভিশনে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক এলেবেলে এবং এসএ টিভিতে প্রচারিত হবে কাম টু দ্য পয়েন্ট। কথা হলো তাঁর সঙ্গে

প্রাণ
প্রাণ

‘কাম টু দ্য পয়েন্ট’...
মানিক মানবিকের সঙ্গে এটা আমার প্রথম কাজ। অনেক দিনের ইচ্ছা ছিল, তাঁর সঙ্গে কাজ করব। এবার সুযোগ হলো। কিছুদিন আগে শুটিং করেছি, এখনো ফাঁকে ফাঁকে শুটিং চলছে।
‘এলেবেলে’র মজা...
পূবাইলে যখন আমরা শুটিং করতে যাই, মনে হয় ঢাকা শহর খালি করে সব শিল্পী এখানে চলে এসেছেন। সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদের মতো গুণী শিল্পীদের সঙ্গে কাজ করতে পারাও সৌভাগ্যের ব্যাপার। নাটকটির পরিচালক বদরুল আনাম সৌদ। তাঁর কাজের ধরনও অন্য রকম। খুব মজা করে আমরা কাজ করি, শুটিংয়ের চেয়ে এখানে আড্ডাটাই বেশি হয়।
আবার ‘রঙের মানুষ’...
রঙের মানুষ এ দেশের কমেডি ধারাবাহিক নাটকের একটা মাইলফলক। নাটকটা না হলে আমি আজকের প্রাণ হতাম না। অভিনয়কে পেশা হিসেবে নেওয়া হতো না। আবারও আসছে রঙের মানুষ। ঈদের জন্য তৈরি হচ্ছে। ছয় পর্বের ধারাবাহিক। নাটকটিতে যাঁরা অভিনয় করেছিলেন, এবারও তাঁরাই আছেন। পরিচালক সালাহউদ্দিন লাভলু। অনেক দিন পর শুটিং করতে এসে হাসতে হাসতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে।
প্রাণের প্রাণ...
দর্শকের ভালো লাগাই আমার প্রাণ। কাজের প্রতি সৎ থাকলে দর্শক কাজটা পছন্দ করেন। এটাই সবচেয়ে বড় পাওয়া।
রঙের সঙ্গে তুলির সঙ্গে...
আঁকাআঁকি করা হয় না অনেক দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়েছি। ছাত্র থাকাকালে কিছু প্রদর্শনী করেছিলাম, তারপর তো মিডিয়ায় জড়িয়ে পড়লাম। এখন কোনো প্রদর্শনী দেখলে ভেতরটা দুমড়ে-মুচড়ে যায়। মনে হয়, বাসায় গিয়ে আঁকাআঁকি শুরু করব। ব্যস্ততার জন্য আর হয়ে ওঠে না।
আসছে ‘নদীজন’...
শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় নদীজন ছবির শুটিং শেষ করেছি। এখন ডাবিংয়ের কাজ হবে।
মো. সাইফুল্লাহ