'আবার এসে গেছি আমি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা চলচ্চিত্র উৎ​সব উদ্বোধন করছেন বিশিষ্ট চলচ্চিত্রশিল্পীরা। সঙ্গে আছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ​ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতা চলচ্চিত্র উৎ​সব উদ্বোধন করছেন বিশিষ্ট চলচ্চিত্রশিল্পীরা। সঙ্গে আছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ​ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চে উঠেই বলিউড তারকা অমিতাভ বচ্চন বাংলায় বললেন, ‘আবার এসে গেছি আমি।’ তারপর ইংরেজিতে বললেন, ‘কলকাতা আমার হৃদয়ে গেঁথে রয়েছে। আমার ভালবাসার, ভাললাগার শহর এই কলকাতা। তাই আর থাকতে পারলাম না। গত তিন বছর ধরে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে ছুটে আসছি, এবারও এলাম। কত স্মৃতি হৃদয়জুড়ে জেগে আছে এই কলকাতাকে ঘিরে। এখানেই জীবনের প্রথম চাকরি করেছিলাম। ভুলি কি করে? তাইতো ডাক পেয়ে চলে এলাম আমার প্রিয় শহর কলকাতায়।’

কলকাতা চলচ্চিত্র উৎ​সবে বক্তব্য দিচ্ছেন অমিতাভ বচ্চন ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতা চলচ্চিত্র উৎ​সবে বক্তব্য দিচ্ছেন অমিতাভ বচ্চন ছবি: ভাস্কর মুখার্জি

গতকাল শনিবার সন্ধ্যায় ‘২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলো বলছিলেন চলচ্চিত্র জগতের কিংবদন্তি তারকা অমিতাভ বচ্চন। দীর্ঘ ভাষণে অমিতাভ বচ্চন কলকাতার চলচ্চিত্র জগতের নানা কথা তুলে ধরেন। বলেন, ‘এই কলকাতা সবসময় ভারতীয় চলচ্চিত্রের দিক নির্দেশনা দিয়েছে। সত্যজিৎ​ রায়, ঋত্বিক ঘটক থেকে তাবৎ​ বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, সংগীত পরিচালক, সংগীতশিল্পীদের নাম উল্লেখ করে বলেন, এই বাংলায় বহু ছবি তৈরি হয়েছে। এখনও ভাল ভাল ছবি তৈরি হচ্ছে। এই ছবির একটা বিরাট অংশ মুম্বাইতে হিন্দি ভাষায়ও নির্মিত হয়েছে। এটা বাংলার গৌরবও। এই বাংলার চলচ্চিত্রের ইতিহাস আমাদের চলচ্চিত্র জগতকে উজ্জ্বল করেছে।’
অমিতাভ বচ্চন তাঁর ভাষণের মাঝে কবিগুরুর দুটি কবিতার ক’লাইন বাংলায় আওড়ান।
এই উত্সবে অমিতাভ বচ্চন ছাড়া আরও যোগ দিয়েছেন দেশ বিদেশের নামীদামী চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীসহ চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা। এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চলচ্চিত্রশিল্পী শর্মিলা ঠাকুর। সম্মানিত অতিথি হিসাবে ছিলেন জয়া বচ্চন, বিদ্যা বালান, মৌসুমী চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের দিকপালরা। উত্সবের উদ্বোধনী ছবি হিসাবে প্রদর্শিত হয় ফিলিপাইনের ছবি বেলাংকা।
এবারের উত্সবে যোগ দিয়েছে ১৬টি দেশের ১৪৯টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে রয়েছে ভারতের বাইরের ৩০টি চলচ্চিত্র। যোগ দিয়েছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। চলচ্চিত্র দুটি হলো, মনসুর আলী পরিচালিত একাত্তরের সংগ্রাম এবং ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সুমন ধরের নির্মিত ছবি আমি ও আইসক্রিম অ’লা।
এই চলচ্চিত্র উত্সব চলবে ২১ নভেম্বর পর্যন্ত। সমাপ্তি অনুষ্ঠান হবে কলকাতার নজরুল মঞ্চে।