সিমলা । চলচ্চিত্রের অভিনয়শিল্পী। অভিনয় করেছেন ৩৫টি চলচ্চিত্রে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ম্যাডাম ফুলি, ১৯৯৯)। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র নেকাব্বরের মহাপ্রয়াণ। সরকারি অনুদান পেয়েছে ছবিটি। এই ছবিতে অভিনয় করেছেন তিনি।

‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিতে কাজ করে কেমন লেগেছে?
ম্যাডাম ফুলির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। এরপর তো অনেক বছর হয়ে গেল। এবার আবার তেমনি একটি পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখছি। পুরস্কার যদি নাও পাই, আমি বিশ্বাস করি, জুরি বোর্ডের সদস্যদের কাছ থেকে অবশ্যই প্রশংসা পাব। এখন ছবির সাবটাইটেল করা হচ্ছে। আশা করছি দেশের বাইরে বিভিন্ন উৎসবে ছবিটি দেখানো হবে।
এই ছবির সঙ্গে কীভাবে যুক্ত হলেন?
বছর দুয়েক আগের কথা। তখন ছবির পরিচালক মাসুদ পথিক এসে আমাকে গল্পটি শোনালেন। এরপর আমি কবি নির্মলেন্দু গুণের কবিতাটি পড়েছি। কারণ, এই কবিতা অবলম্বনেই ছবির কাহিনি তৈরি হয়েছে। আমি আর না করতে পারিনি। রাজি হয়ে যাই।
কত দিন শুটিং করেছেন?
প্রায় দুই বছর। পরিচালক অনেক সময় নিয়ে ধরে ধরে শুটিং করেছেন। তিনি কোনো খুঁত রাখতে চাননি।
এই ছবিতে কবি নির্মলেন্দু গুণ অভিনয় করেছেন।
আমার দুর্ভাগ্য, তাঁর সঙ্গে আমার কোনো কাজ ছিল না। তবে গত বৃহস্পতিবার বলাকা প্রেক্ষাগৃহে নেকাব্বরের মহাপ্রয়াণ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে তাঁর সঙ্গে দেখা হয়েছে। আমি কথা বলেছি। তিনি আমার অভিনয়ের খুব প্রশংসা করেছেন। আমাকে আশীর্বাদ করেছেন।
নতুন কী কাজ করছেন?
উত্তম আকাশের একটি ছবির জন্য আলোচনা চূড়ান্ত হয়েছে। আশা করছি এটিও অন্য রকম ছবি হবে।