'আবারও কথাবন্ধুর কাজ করতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওশীন।
নওশীন।

নওশীন। ছিলেন রেডিওর কথাবন্ধু। এরপর টিভিতে উপস্থাপনা আর বিজ্ঞাপনে কাজ করেছেন। এখন অভিনয় নিয়েই আছেন। ইদানীং কাজ করছেন বড় পর্দায়ও। আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক আগুনখেলা। এতে অভিনয় করেছেন তিনি।
আগুনখেলা...
বিভিন্ন নাটকে আমি তো নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু সাংবাদিক চরিত্রে করা হয়নি। আগুনখেলা নাটকে আমি অপরাধবিষয়ক সাংবাদিক। কাজটি করে মনে হয়েছে, সাংবাদিকতা রোমাঞ্চকর পেশা। অনেক চ্যালেঞ্জিংও বটে।
বাস্তবে সাংবাদিক হলে অভিনেত্রী নওশীনকে যে প্রশ্নটি করতেন...
আমি যেহেতু টিভি মিডিয়ায় কাজ করি, তাই আমার সঙ্গে বিনোদন সাংবাদিকদের কথা হয় বেশি। সাংবাদিক হলে অভিনেত্রী নওশীনকে জিজ্ঞেস করতাম, এত কষ্ট, এত কাজ করার কী দরকার?
আর যা করছি...
এখন কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ করছি। এগুলোর নির্মাতারা হলেন ইদ্রিস হায়দার, হাসান শিকদার ও রাশেদ রাহা। এর বাইরে আছে কয়েকটি এক ঘণ্টার নাটকও।
ফেরার তাগিদ...
শুরুর দিকে ছিলাম রেডিওর কথাবন্ধু। এ কাজটা আমার বেশি ভালো লাগে। কিন্তু টিভি নাটকের ব্যস্ততার কারণে এই কাজটা খুব মিস করছি। আবারও কথাবন্ধুর কাজ করতে চাই। অন্যদিকে, টিভিতে আমার প্রথম উপস্থাপনা ২০০৮ সালে। আরটিভির ওই অনুষ্ঠানের নাম ‘জেগে আছ কি?’। এটি আমাকে টিভিতে উপস্থাপনায় আলাদা একটা অবস্থান তৈরি করে দেয়। এই অনুষ্ঠানকেও খুব মিস করি।
আমার স্বপ্ন...
একসময় স্বপ্ন দেখাতাম রেডিও স্টেশন করার। মাঝে টিভি স্টেশন করার স্বপ্ন দেখেছি। এখন সংসারকে সুন্দর করে সাজানোর স্বপ্ন দেখছি।

 বিনোদন প্রতিবেদক