'আবৃত্তির অ্যালবাম করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক থো প ক থ ন: ফারুক আহমেদ। অভিনেতা। চ্যানেল আইয়ে আজ দুপুরে প্রচারিত হবে তাঁর অভিনীত টেলিছবি হাসির পাত্র। লিখেছেন মাহফুজ রহমান, পরিচালনা করেছেন জুয়েল রানা

ফারুক আহমেদ
ফারুক আহমেদ

‘হাসির পাত্র’...
রম্য টেলিছবি এটি। গল্পটা বেশ মজার। গল্পের নায়ক শামীম শাহেদ আমার ভাগনে। তার জন্য পাত্রী খুঁজতে বের হই আমি আর লুৎফর রহমান জর্জ ভাই। পাত্রী দেখতে গিয়ে ঘটতে থাকে মজার সব ঘটনা। শেষমেশ আমাদের পাত্র আর আমরা বারবার হাসির পাত্র হই। জুয়েল রানার প্রথম রম্য টেলিছবি এটি, বেশ ভালো পরিচালনা করেছেন তিনি।
নিজে যখন হাসির পাত্র...
তখন লালমাটিয়া বালক উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ি। দুপুরবেলা স্কুল থেকে বাসায় ফিরেছি। এসে দেখি, বাসায় খালাতো ভাইয়েরা আইসক্রিম খাচ্ছে। তা দেখে আমি কেঁদে ফেললাম। খারাপ লেগেছিল কারণ, আমি কেন কাঁদছি, তা বাসার কেউ বুঝতে পারেনি। আর আমিও সবাইকে বোঝাতে পারিনি।
আরও যেসব কাজ করছি...
২৪ জানুয়ারি থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে অনিমেষ আইচের তুমি ধারাবাহিক, রেদওয়ান রনির রেডিও চকলেট রিলোডেড চলছে। ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তারকাঁটা। এ ছাড়া মাহফুজ আহমেদের মাগো তোমার জন্য, ইদ্রিস হায়দারের সেকেন্ড ইনিংস, অঞ্জন আইচের চন্দ্রাবতী, জলফড়িঙের গান ও ঘাসফুল নাটকে অভিনয় করছি।
আবৃত্তির অ্যালবাম...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকতে অভিনয় আর আবৃত্তির জন্য পুরস্কার পেতাম। এরপর অনেক দিন আবৃত্তির দিকে মনোযোগ দিতে পারিনি। আগামী ফেব্রুয়ারি মাসে একটা আবৃত্তির অ্যালবাম করতে যাচ্ছি। তাতে হুমায়ূন আহমেদসহ আরও অনেকের কবিতা থাকবে।