'আমরা একটা জায়গায় আটকে গেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরেশ যাকের
ইরেশ যাকের

ইরেশ যাকের। অভিনয় করেন, উপস্থাপনাও করেন। তাঁর অন্যতম শখ ফটোগ্রাফি। তারকার টি-টোয়েন্টির অতিথি তিনি।
স্ট্রেটবল
অভিনয় শেখার বড় স্কুল...
টেলিভিশন।
বাবার জায়গায় আমি হলে ইরেশ যাকেরকে যে পরামর্শ দিতাম...
যেটাই করো, মন থেকে কোরো। সেটা করলে কোনো কিছু নিয়ে কখনো অপরাধবোধ কাজ করবে না।
যে বই পড়ে কেঁদেছি...
আফগান-আমেরিকান লেখক খালেদ হোসেইনির দ্য কাইট রানার।
ক্রিকেট মাঠে যার বল খেলতে পারলে খুশি হতাম...
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার জোয়েল গার্নারের বল। আমার দেখা সবচেয়ে ভয়ানক ফাস্ট বোলার, যেমন ইয়র্কার তেমনি বাউন্সার করতেন তিনি।
গুগলি
কেউ যখন বলে, ‘বিয়ে করছ না কেন?’ উত্তরে যা বলি...
এ ব্যাপারে ‘রিটায়ারমেন্ট এজে’ চলে গেছি! হা হা হা! ফলে এটা কোনো ব্যাপার না।
মা-বাবা প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী হওয়ায় সবচেয়ে বড় সুবিধা ও সবচেয়ে বড় অসুবিধা...
সুবিধা হলো ৩০ বছর বয়সে এই চেহারা নিয়েও অভিনয় করছি। অসুবিধা হলো ভালো অভিনয় করলেও অনেকে বলেন, ‘ও তো ভালো করবেই, অভিনয় ওর রক্তে আছে!’

বন্ধুরা যে কারণে সবচেয়ে বেশি খ্যাপায়...

আমার অগোছালো দিকটি নিয়ে। এ ব্যাপারে আমার দক্ষতা অসাধারণ লেভেলে! একটা পরিপাটি রুম দুই ঘণ্টার জন্য আমার কাছে ছেড়ে দিলে সম্পূর্ণ অগোছালো করে ফেলতে পারব কোনো রকম পরিশ্রম ছাড়াই!

ডিএসএলআর ক্যামেরা থাকলেই ভালো আলোকচিত্রী হওয়া যায় না; আসলে যা দরকার...

দেখতে হবে, জানতে হবে। যেকোনো ক্যামেরা দিয়েই ভালো ছবি তোলা সম্ভব, যদি পরিবেশটা উপলব্ধি করা যায়।

পাওয়ার প্লে

ইয়ারফোনের প্যাঁচের চেয়েও জটিল...

বাংলাদেশের মিডিয়াজগৎ।

যানজটের বড় সুবিধা...

ঘুমানো যায়।

ভরপেট খাওয়ার পর মনে হয়...

ঘুম দিতে পারলে ভালো হতো।

শুটিংয়ের সময় যে জিনিসটি সঙ্গে থাকে...
একটা আইস বক্স থাকেই (মাথা যাতে গরম না হয়ে যায়, এ কারণেই রাখি। হা হা হা!)।


বাউন্সার
যে ক্ষেত্রে আমি একেবারেই ফিট নই...

যেকোনো ধরনের ধৈর্যের পরীক্ষায়। এ ক্ষেত্রে দশে নিজেকে দেড় নম্বর দেব।

অধিকাংশ নাটকে একই ধরনের অভিনয় করার কারণ...

আমাদের যে ধরনের চিত্রনাট্য বা নির্দেশনা দেওয়া হয়, সেভাবেই অভিনয় করি। এটা আমাদের পুরো নাট্যজগতের সমস্যা। অনেক শক্তিমান অভিনেতাকেও আমরা একই ছাঁচে ফেলে দিয়েছি।

ঘুম, খাবার, ক্রিকেট—যেটা বেশি প্রিয়...

খাবার!

যে খাবারটা দেখলে চোখ চকচক করে...

খিচুড়ি। যেকোনো রেস্তোরাঁর খিচুড়ি হলেই হলো।


ফুলটস
নাটক-সিনেমায় যে পরিবর্তন চাই...

‘ভিউয়ারশিপ’ পাল্টাতে হবে। এখন নাটক কেউ দেখে না। কারণ, গুণ ও মানে আমরা একটা জায়গায় আটকে গেছি। ফলে ভালো নাটক যেমন বানাতে হবে, তেমনি সেটার প্রচারণাও জরুরি। একটা ভালো সাবান বানালেই হয় না, সেটার ভালো প্রচারণাও দরকার।

যে কাজ করে সবাইকে চমকে দিতে পারব...

সিনেমা পরিচালনা করলে। কাজটা অনেক কঠিন, তাই মনে হয় না সেটা করব।

লেখালেখির দুনিয়ায়...

তিনটি নাটকের চিত্রনাট্য লিখেছি। সামনে আরও লেখার ইচ্ছা আছে।

অভিনয়ের বাইরে যে কাজ করলে শান্তি পাই...

ফটোগ্রাফি করে, অফিসের কাজ করে আর দৌড়ালে শান্তি পাই।