‘আমরা দুটি কেমন জুটি’তে ইমন ও মীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘জোনকীর আলো’ জুটির মামনুন ইমন ও বিদ্যা সিনহা মীম এবার অতিথি হয়ে আসছেন ‘আমরা দুটি কেমন জুটি’ অনুষ্ঠানে। এরই মধ্যে তাঁরা দুজন অনুষ্ঠানটির স্টুডিও ধারণকাজেও অংশ নিয়েছেন। তারকা জুটিদের নিয়ে বৈশাখী টেলিভিশনের প্রাণবন্ত আড্ডার অনুষ্ঠান ‘আমরা দুটি কেমন জুটি’।প্রথম আলো ডটকমকে মীম বলেন, ‘আমি ও ইমন দুজনে খুব ভালো বন্ধু। একসঙ্গে আমাদের কোনো নাটকে অভিনয় করা না হলেও জুটি হয়ে অনেক মঞ্চে কাজ করেছি। এসব অনুষ্ঠানে অনেকেই আমাদের দুজনের কাজের প্রশংসা করেছেন। কিছুদিন আগে প্রথমবারের মতো আমি ও ইমন জুটি হয়ে খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ চলচ্চিত্রে অভিনয় করেছি। এরপর ‘আমরা দুটি কেমন জুটি’ অনুষ্ঠানে অংশ নেওয়া। পুরো অনুষ্ঠানে আমরা অনেক মজা করেছি। আশা করছি দর্শকরাও অনুষ্ঠানটি দেখে আনন্দ পাবে।’ জানা গেছে, আমরা দুটি কেমন জুটির এবারের পর্বে ইমন ও মীম নিজেদের জুটি সম্পর্কে বলেছেন অনেক অজানা কথা। উঠে এসেছে জুটি বেঁধে করা তাঁদের নানা গানের গল্প। এ ছাড়াও অনুষ্ঠানে তাঁদের সম্পর্কে আরও কথা বলেছেন মডেল-অভিনেত্রী মোনালিসা ও নির্মাতা শাহীন টুটুল।আমরা দুটি কেমন জুটি অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ফারহানা নিশো। পলাশ মাহবুবের প্রযোজনায় শনিবার রাত আটটা ৩৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার করা হবে ‘আমরা দুটি কেমন জুটি’।