'আমরা পুরো পরিবার অভিনয় করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর সাব্বির
মীর সাব্বির

মীর সাব্বির। অভিনয়শিল্পী, পরিচালক ও নাট্যকার। আজ দুপুরে চ্যানেল আইতে প্রচারিত হবে টেলিছবি বাতাসের ঘ্রাণ। এটি লিখেছেন, পরিচালনা করেছেন এবং তাতে অভিনয় করেছেন তিনি।
এখন যেখানে আছি...
ঈদের নাটক আলাল-দুলাল চতুর্থ পত্রর সম্পাদনা নিয়ে ব্যস্ত আছি।
‘বাতাসের ঘ্রাণ’ প্রসঙ্গ...
বাতাসের ঘ্রাণ নাটকটা তৈরি হয়েছে হুট করেই। চুমকি তখন অন্তঃসত্ত্বা। আমরা দুজন যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ একটা নাটকের ভাবনা আমার মাথায় আসে। ক্যামেরা সঙ্গে ছিল, হোটেলে এসে গল্পটা সাজালাম। তবে চুমকি রাজিই হচ্ছিল না। পরে ওকে রাজি করিয়ে কাজটা শুরু করি। এরপর ঢাকায় ফিরে বাকি অংশের শুটিং করেছি। টেলিছবিটি বাস্তবের সঙ্গে কল্পনার মিশেলে তৈরি।
প্রথমবার পুরো পরিবার...
এই নাটকে প্রথমবারের মতো আমরা পুরো পরিবার অভিনয় করেছি। আমি আর চুমকি ছাড়াও আমাদের দুই সন্তান ফারসাদ ও সানদিদ অভিনয় করেছে। তবে শুরুতে অভিনয়ের ব্যাপারে ফারসাদের আপত্তি ছিল।
আপত্তির কারণ...
তার ধারণা, বাবা অভিনয় করে বলেই সে ঠিকমতো বাবাকে কাছে পায় না। তাই সে ভুলেও অভিনয়ে আসতে রাজি না।
সন্তানের অভিযোগের সত্যতা...
এটা তো ঠিকই। আমি নাটক নিয়ে বেশি ব্যস্ত থাকি বলে পরিবারকে ঠিকমতো সময় দিতে পারছি না। তবে এবার ঈদে সপ্তাহ খানেক কোথাও ঘুরে আসতে চাই।
ঈদের কাজ...
ঈদে তো অনেকগুলো নাটকের কাজ করেছি। সংখ্যাটা মনে নেই। এর মধ্যে আমি পরিচালনা করেছি আলাল-দুলাল চতুর্থ পত্র ও এজাজের মেজাজ।
নিয়মিত ধারাবাহিক...
কয়েকটি চ্যানেলে আমার অভিনীত ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। এর মধ্যে আছে নোয়াশাল, ১০০ হাত দূরে থাকুন, আগুন খেলা, মামলাবাজ, যোগাযোগ গোলযোগ, ভালোবাসা কারে কয়।
হাসান ইমাম