
অজয় দেবগন-কাজল
প্রেমিকার গল্প শোনানোর প্রসঙ্গ এলে কাজল আর অজয়ের গল্পটাও তো বলতে হয়। তাঁরাও কিন্তু ঋষি-নিতুর মতো ছিলেন। নব্বই দশকের মাঝামাঝিতে যখন বলিউড-বিষয়ক গসিপ পত্রিকাগুলো অজয় আর কাজলের সম্পর্ক নিয়ে গুজবে ভরা প্রতিবেদন ছাপত, তখন কাজল নাকি অজয়কে মেয়ে পটানোর পরামর্শ দিতেন! কেমন করে সুন্দরীদের মন জয় করতে হয়, কেমন করে তাঁদের সঙ্গে কথা বলতে হয় ইত্যাদি উপদেশ দিতেন। অজয়ও সেই সব পরামর্শ ভালোভাবেই নিতেন। কারণ তাঁরা তো ছিলেন ভালো বন্ধু। কিন্তু একসময় তাঁদের বন্ধুত্বটাও গড়ায় আরও শক্ত সম্পর্কের দিকে।

ঋষি কাপুর-নিতু কাপুর
এখন ছেলে রণবীর যেমন বিয়ের নাম শুনলেই দূরে পালান, ঋষি কাপুরও নাকি তেমনই ছিলেন। এমনকি তিনি যে নিতুকে ভালোবাসেন, সে উপলব্ধিও নাকি তাঁর হয়েছে অনেক পরে। তাঁদের প্রেমের বড় একটা সময় কেটেছে বন্ধুত্বের পরিচয়ে ঢাকা পড়ে। নিতু সিং ঋষিকে ভালোবাসতেন ঠিকই, কিন্তু ঋষি এ সম্পর্ককে নিছক বন্ধুত্বই মনে করতেন। ১৯৭৪ সালে জেহরিলা ইনসান ছবির সেটে দেখা হওয়ার পর এই দুজন এত বেশি ঘনিষ্ঠ হয়ে যান যে ঋষি নিতুকে তাঁর সব প্রেমিকার গল্প শোনাতেন। কোনো প্রেমিকার কাছ থেকে কষ্ট পেলে নিতুর কাঁধে মাথা রেখে কাঁদতেনও। একে অপরকে খ্যাপাতেন, ঝগড়া করতেন। আর সাংবাদিকেরা তাঁদের এই খুনসুটির সম্পর্কের নাম জানতে চাইলে বলতেন ‘উই আর জাস্ট ফ্রেন্ডস’।

সিদ্ধার্থ রয় কাপুর-বিদ্যা বালান
রানী-আদিত্যর পর প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর ও অভিনেত্রী বিদ্যা বালানের প্রেমের গল্পটাও সাড়া ফেলেছিল বলিউডে। সিদ্ধার্থ ভালোবেসে বিদ্যাকে একটি আস্ত ফ্ল্যাট উপহার দিয়ে বসলেন, কিন্তু বিদ্যা তখনো মিডিয়ায় বলেই যাচ্ছেন ‘আমরা ভালো বন্ধু’। ২০০৮ সালে কিসমত কানেকশন ছবির জের ধরে প্রযোজক সিদ্ধার্থের সঙ্গে পরিচয় হয় বিদ্যার। এরপর বন্ধুত্ব। কিন্তু আরেক বন্ধু পরিচালক করণ জোহরের চেষ্টায় সেই বন্ধুত্ব প্রেমে গড়াতেও সময় নেয় না। কিন্তু সেই প্রেম স্বীকার করতেই যত বিপত্তি। বিয়ের আগ পর্যন্ত তাই ‘ভালো বন্ধু’ হয়েই থেকে গেলেন বিদ্যা ও সিদ্ধার্থ।

অমিতাভ বচ্চন-জয়া বচ্চন
শুরু থেকেই জয়া দুর্বল ছিলেন অমিতাভ বচ্চনের প্রতি। কারণ তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন জয়ার প্রিয় কবিদের একজন। সেই সূত্র ধরেই শুরু হয় অমিতাভ-জয়ার বন্ধুত্ব। গুড্ডি (১৯৭১) ছবির সেটে গিয়ে তাঁদের বন্ধুত্ব আরও গভীরে যায়। কিন্তু মিডিয়াতে তখনো তাঁরা ‘আমরা ভালো বন্ধু’ বলেই চলছিলেন। পরে ১৯৭৩ সালে এ সম্পর্ক যখন একদম বিয়ের পিঁড়িতে গিয়ে গড়ায়, তখন আর কারোরই বুঝতে বাকি থাকে না যে তাঁরা আসলেই ‘ভালো বন্ধু’।

অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া
২০০০ সালে ধাই অক্ষর প্রেম কি ছবির সেটে প্রথম পরিচয় অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের। সেই থেকে শুরু বন্ধুত্ব। তখন অ্যাশের জীবনে ছিলেন সালমান। তাই অভিষেককে ঘিরে গুঞ্জনের কোনো অবকাশই ছিল না। তবে নির্মল বন্ধুত্বের শুরু তখন থেকেই। অভিষেক মজার মানুষ, তাই ঐশ্বরিয়ার সঙ্গে বন্ধুত্বটা বেশ জমে ওঠে একসময়। কিন্তু সালমান খান হয়তো ভবিষ্যতের একটা আভাস পেয়েছিলেন সে সময়ই। তাই অভিষেকের সঙ্গে অ্যাশের মেলামেশা সে সময় তিনি ভালোভাবে নিতে পারেননি। একটা সময় তো সাল্লু আর অ্যাশের সম্পর্কটাই ভেঙে গেল। কিন্তু তখনই অ্যাশ-অভিষেকের বন্ধুত্বের সম্পর্ক প্রেমে গড়ায়নি। ২০০৭ সালে গুরু ছবির সেটে এসে বন্ধু ঐশ্বরিয়াকে নতুন করে আবিষ্কার করেন অভিষেক। শুরু হয় নতুন প্রেমের গল্প।
আদর রহমান
টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, ফিল্মফেয়ার ও ইন্ডিয়া ডটকম অবলম্বনে