'আমরা মারা যাচ্ছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক থো প ক থ ন: কুদ্দুস বয়াতি। লোকগানের শিল্পী। গান গেয়েই উপার্জন করেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোনো কাজ করতে পারছেন না। একেবারেই অলস সময় কাটাচ্ছেন

কুদ্দুস বয়াতি
কুদ্দুস বয়াতি

কেমন আছেন?
আমরা মারা যাচ্ছি। খাবার কেনার পয়সাটাও আর হাতে নেই।
হঠাৎ কেন এমন অবস্থা হলো?
এখন তো আমাদের কাজের সময়। আয় করার সময়। দেশের বিভিন্ন অঞ্চলে এই সময় রাতব্যাপী যাত্রাপালার আয়োজন করা হয়, পালাগান হয়, লোকগান হয়। অসংখ্য মানুষ ও তাদের পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখন কিছুই হচ্ছে না। এ কারণে সবাই এখন বেকার হয়ে বসে আছে। বউ-বাচ্চা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমরা তো তাদের মুখে কোনো খাবার দিতে পারছি না। আমাদের জন্য কারও কি একটু দয়া হয় না?
আপনাদের গানের মৌসুম কবে থেকে শুরু হয়?
আমাদের মৌসুম খুব অল্প সময়ের। শুরু হয় নভেম্বর মাসে। শেষ হয় ফেব্রুয়ারি মাসে। এই কয়েক মাসে যা আয়-রোজগার হয়, তা দিয়েই বছরের আরও কয়েকটা মাস সবাই আধপেটা খেয়ে কোনোভাবে চলতে পারি।
যাত্রা, পালাগান একেবারেই হচ্ছে না?
আয়োজন করবে কীভাবে? সবারই তো জীবনের মায়া আছে। আমাদের বেশির ভাগ আয়োজন হয় রাতে। এখন রাত আর দিন বলে কোনো কথা নেই। কেউ এসব আয়োজন করতে সাহস পাচ্ছে না। যদি কোনো দুর্ঘটনা ঘটে!
কারও কাছ থেকে এ ব্যাপারে সহযোগিতা চেয়েছেন?
কার কাছে সহযোগিতা চাইব? দেশের প্রধান দুই নেত্রীর কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের বাঁচতে দিন। দেশের কোটি কোটি মানুষ আজ আমাদের মতো অসহায়। এ অবস্থা থেকে আমাদের মুক্তি দিন। আমাদের কণ্ঠ থেকে গান হারিয়ে যাচ্ছে। আমরা আবার গান গাইতে চাই। সুস্থ ও নিরাপদ পরিবেশে আমাদের গান গাওয়ার সুযোগ দিন।
বিনোদন প্রতিবেদক