চঞ্চল চৌধুরী। চারুকলায় পড়াশোনা করে নাট্যকলা-জগতে বিচরণ করছেন। জনপ্রিয়তার তুঙ্গে এই মুহূর্তে। সম্প্রতি মুক্তি পেয়েছে চলচ্চিত্র টেলিভিশন। আজ আরটিভিতে তাঁকে দেখা যাবে ছায়াবাজি নাটকে।কেউ যখন বলে—মানুষটা চঞ্চল, তখন আমি বিষয়টি যেভাবে নিই...মূলত আমি চঞ্চল। মা-বাবা তো এমনিতেই নামটি রাখেননি; আমি শান্ত হলে নিশ্চয়ই এ নামকরণ হতো না। আমার নামকরণ সার্থক বলে মনে করি। তাই কেউ যখন বলে—মানুষটা চঞ্চল, তখন আমি কিছু মনে করি না। চোরকে চোর বললে তো কিছু মনে করার নেই।আবার প্রেমে পড়ার সুযোগ এলে যার প্রেমে পড়ব...সত্যি কথাটি বললে তো আমার ঘর ভাঙবে! আমার স্ত্রী যদি দেখে আমি আরেক নারীর প্রেমে পড়ার ইচ্ছা প্রকাশ করেছি, তখন কী অবস্থা হবে, চিন্তা করেন! তবে প্রেমে পড়ার সুযোগ এলে শত ভাগ মানুষের প্রেমেই পড়ব।কাজ করতে করতে হাঁপিয়ে উঠলে যা করি...প্রথমত মেজাজ গরম করি। তারপর ঠান্ডা মাথায় ঘুমিয়ে পড়ি। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে পরিচালকদের সঙ্গে বেশ চোটপাট করি। ফলে তাঁরাও আমাকে বিশ্রাম দেন। এ পদ্ধতি বেশ কাজে দেয়।সবচেয়ে বেশি ভয় পাই...অতিরিক্ত চালাক মানুষকে ভয় পাই। আমি নিজে মোটামুটি চালাক। আমার মাঝে দোষ-গুণ সবই কিঞ্চিৎ পরিমাণে বিদ্যমান।ছাত্রজীবনের সবচেয়ে বড় অঘটন...মা-বাবা চেয়েছিলেন অনেক বড় ডাক্তার-ইঞ্জিনিয়ার হব। কিন্তু সেটা তো হতে পারিনি; তাই ছাত্রজীবনের সবচেয়ে বড় অঘটন এটাই।বাজারে জিনিসপত্রের দর-কষাকষি করতে গিয়ে...বাজারে যাই খুব কম। গেলেও মুদির দোকান থেকে নির্ধারিত দামের ডিমই কিনি কেবল। তবে অন্য জিনিসপত্র কিনতে গেলে দর-কষাকষি করি। কারণ, আমাকে দেখলেই বিক্রেতারা বেশি দাম হাঁকান।বন্ধুদের চোখে আমি...কারও চোখে গর্বের, কারও কারও কাছে ঈর্ষার পাত্র। তবে সবারই ভালোবাসা পাই।যাকে বিরক্ত করতে বেশি ভালো লাগে...কাউকেই বিরক্ত করি না। চাই না আমার জন্য কেউ বিরক্ত হোক। তবে আমাকে বিরক্ত করার মতো অনেকেই আছেন!সংগীতশিল্পী হলে যে গান গাইতাম...ভূপেন হাজারিকার ‘মানুষ মানুষের জন্য’ গানটি।টেলিভিশনের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান...এখন টেলিভিশন দেখার সময় মেলে না। একসময় ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি পাগলের মতো দেখতাম। মাহফুজ রহমান