
বাঁধন। অভিনয়শিল্পী। এনটিভিতে আজ প্রচারিত হবে তাঁর অভিনীত নতুন ধারাবাহিক ইয়েস বস নো বস।
‘ইয়েস বস নো বস’...
একটি করপোরেট অফিসের নানা ঘটনা নিয়ে নাটকটির গল্প গড়ে উঠেছে। এখানে আমাকে মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে দেখানো হয়েছে। আমার কাজ হচ্ছে অফিসে নিয়োগ পাওয়া নতুন কর্মকর্তাদের খোঁজ-খবর সংগ্রহ করে বসকে জানানো। খুবই মজার গল্প।
আমার জীবনে বস...
আমার জীবনে কোনো বস নেই। আমাকে মনে হয় সবাই ভয়ই পায়। তবে যাঁকে সম্মান করার তাঁকে ঠিকই সম্মান করি। বাংলাদেশ মেডিকেল কলেজে পড়ার সময় আমাকে সবাই নেত্রী বলে ডাকতো। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সময়ও একই অবস্থা ছিল। আমার মধ্যে কমান্ডিং ব্যাপারটা ভালোই আছে বলে মনে করি। আমার বাবা প্রায়ই বলতেন, আমি নাকি ছেলে হলে অনেক আগেই নেতা হয়ে যেতাম!
নেত্রী হওয়ার ইচ্ছে...
আমি মানুষের জন্য কাজ করতে চাই। ভবিষ্যতে যদি সে রকম কোনো সুযোগ আসে তাহলে হতেও পারি।
আমার শক্তি...
আত্মবিশ্বাসই আমার বড় শক্তি। আমার জীবনে এ পর্যন্ত অনেক ছোট-বড় বিপদ এসেছে। প্রথম দিকে খুব হতাশায় পড়ে যেতাম। এখন আমি আত্মবিশ্বাসী, সব সমস্যার মুখোমুখি হতে পারি।
চিকিৎসকের দপ্তর ও মেকওভার স্যালুন...
আমি আমার বন্ধু সুরাইয়া মিলে গুলশান দুই নম্বরে একটি দাঁতের চিকিসালয় শুরু করছি। তিন মাসের মধ্যে পুরোদমে এটি সবার জন্য চালু হয়ে যাবে। আর কাল (আজ মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে আমাদের মেকওভার স্যালুন। এটিও আমরা দুই বন্ধু মিলে করেছি। আমরা দুইজন সাজগোজ করতে খুবই পছন্দ করি। অন্যদের সাজিয়েও আনন্দ পাই।
আর যা করছি...
ইয়েস বস নো বস নাটকটি ছাড়া এখন অভিনয় করছি আরিফ খানের সিক্রেট সার্ভিস ও মাইনুল হাসানের জীবন সংসার নাটকে।
মনজুর কাদের