'আমাদের দুজনের কেউই সংসারের পরিচালক নই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিশা
তিশা

তিশা। জনপ্রিয় অভিনেত্রী। গতকাল মঙ্গলবার ছিল তাঁর ও মোস্তফা সরয়ার ফারুকীর তৃতীয় বিবাহবার্ষিকী। আজ তিশাকে দেখা যাবে এটিএন বাংলায় ঠিকানা জানা নেই ধারাবাহিকে।

তিন বছরের অভিজ্ঞতায় বুঝলাম সংসার সুখের হয়...
সংসারকে সংসারের মতো চলতে দেওয়া উচিত। সংসার কী করে সুখের হবে বা দুঃখের হবে, তা নিয়ে ভাবলে ঝামেলাই বাড়ে বরং। আমরাও তা-ই করছি এবং আমাদের সংসার সুখের। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে যেমন একজন মানুষের টক-ঝাল-মিষ্টি-তেতো—সব স্বাদের খাবারই দরকার, তেমন সংসারের বেলায়ও। মোটকথা, নরমে-গরমে বেশ ভালো কাটছে আমাদের টোনাটুনির দিনকাল।
ঘরের পরিচালক হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী যতটা সফল...
আমাদের দুজনের কেউই সংসারের পরিচালক নই। যখন যার দরকার হয়, তখন তার সাহায্য নিই।
ফারুকীকে যে উপহার দিলাম...
ওকে আমি প্রতিবছর অনেক উপহার দিই, অনেক সারপ্রাইজ দিই। তবে এবার কিছুই দিইনি এ পর্যন্ত—এটাই ওর জন্য বড় সারপ্রাইজ। আসলে এখনো তেমন কোনো প্ল্যান করিনি।
ঈদের যেসব নাটকে অভিনয় করছি...
খুব বেশি কাজ করিনি। চেষ্টা করেছি ভালো কাজ করার। আলভী আহমেদ, সকাল আহমেদ, অনিমেষ আইচ, গোলাম সোহরাব দোদুল, কৌশিক শংকর দাশ, ইমরাউল রাফাত, মাবরুর বান্নাহ্, আশফাক নিপুণসহ আরও কয়েকজন পরিচালকের নাটকে অভিনয় করলাম।
নাচ, গান, অভিনয়, আরও যা পারি...
এই যে সংসার করতে পারি।
ছবির খবর...
ডুবোশহর ছবির কাজ শুরু করব এ বছরই। এ ছাড়া আরও বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। ব্যাটে-বলে মিলে গেলে অভিনয় করব। ইচ্ছা আছে এ বছরই কয়েকটি ছবিতে অভিনয়ের। দেখা যাক, কী হয় শেষমেশ।
পরিচালক হলে ফারুকীর জন্য যে ধরনের চরিত্র রাখব...
কোনো চরিত্রই রাখব না। হা হা হা! কারণ, ও আমার ফুটেজ খাবে। তবে ক্যামেরার পেছনের কাজে এবং স্ক্রিপ্টিংয়ে ওর সহযোগিতা চাইব। বিশেষ করে নাটক বা সিনেমার শেষে আমার কাজে প্রাণপ্রতিষ্ঠা হলো কি না, তা নিরীক্ষণ করতে বলব ওকে।
‘ঠিকানা জানা নেই’ নাটকে অভিনয় করছি, যার ঠিকানা জানা নেই...
সকাল আহমেদ পরিচালিত এই নাটকে অভিনয় করছি। বেশ ভালো লেগেছে। আমি বন্ধু নির্বাচনে খুব খুঁতখুঁতে। যার সঙ্গে বন্ধুত্ব করি, তাঁর নাড়ি-নক্ষত্র জেনে নিই। ফলে এমন কেউ নেই, যার সঙ্গে পরিচয় হয়েছিল, কিন্তু ঠিকানা জানি না।
মাহফুজ রহমান