‘আমাদের বন্ধু চিঁ চিঁ’ ও ‘জুতা রহস্য’
শিশুরা তৈরি করেছে দুটি চলচ্চিত্র, আমাদের বন্ধু চিঁ চিঁ ও জুতা রহস্য। প্রথমটির দৈর্ঘ্য ৩৩ মিনিট আর দ্বিতীয়টি ২৬ মিনিট। সম্প্রতি বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে চলচ্চিত্র দুটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে সম্প্রতি আয়োজন করা হয় ‘শিশুতোষ চলচ্চিত্র ও অনুষ্ঠান নির্মাণ কর্মশালা’। এই কর্মশালার অংশ হিসেবেই অংশগ্রহণকারী শিশুরা চলচ্চিত্র দুটি তৈরি করে। চলচ্চিত্র দুটির উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ ও ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপক মোহাম্মদ মহসীন।বাংলাদেশ শিশু একাডেমীর আর্থিক সহায়তায় এ পর্যন্ত ৩৫ মিমি, ১৬ মিমি এবং বেটাকম ফরম্যাটে মোট ৪১টি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। একসময় এসব চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়ায় শিশুদের অংশগ্রহণের তেমন সুযোগ ছিল না। ২০০৮ সাল থেকে শিশুদের অংশগ্রহণের সুযোগ হয়। শিশুদের পরিচালনায় ২০০৮ ও ২০০৯ সালে আটটি স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র নির্মিত হয়।