
রোদের তাপ মিঠে হয়ে উঠেছে তখন। বেলা গড়াতেই আবছা মলিন অন্ধকার ঘনিয়ে এল, খানিক বাদেই নেমে এল সন্ধ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনে তখন সারি বেঁধে দাঁড়িয়ে শিল্পীরা। তাঁদের পোশাকে বিপ্লবের ‘লাল’ রং। তবলা, হারমোনিয়াম সহযোগে তাঁরা গেয়ে উঠলেন প্রাণের সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...’। গান শুরুর সঙ্গে সঙ্গেই সচকিত হলো চারপাশ, শুরু হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এবারের স্লোগান, ‘শিল্প-সংস্কৃতি-সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম’।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এরপর উত্তোলন করা হয় জাতীয় পতাকা। উদীচীর শিল্পীরা গাইলেন ‘যুদ্ধাপরাধীমুক্ত করব স্বদেশ, গড়ব মুক্তিযুদ্ধের বাংলাদেশ’ এবং ‘আরশির সামনে একা একা দাঁড়িয়ে’ দুটি গণসংগীত। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনের পরই একটি শোভাযাত্রা বের করেন তাঁরা। শোভাযাত্রাটি টিএসসি থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক বাদল রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা পর্বে অংশ নেন উদীচীর প্রথম কমিটির আহ্বায়ক কামরুল আহসান খান, প্রতিষ্ঠাকালীন সদস্য আখতার হুসেন, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক, উদীচী ঢাকা মহানগর সংসদের সাবেক সভাপতি কাজী মদিনা এবং উদীচীর সহসভাপতি কাজী মোহাম্মদ শীশ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার বিশেষ সম্মাননা দেওয়া হয় উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য, সত্যেন সেনের ঘনিষ্ঠ সহকর্মী এবং উদীচীর সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে। গোলাম মোহাম্মদ ইদু প্রতিজ্ঞা করেন আমৃত্যু তিনি উদীচীর সঙ্গেই থাকবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে দলীয় সংগীত পরিবেশন করেন ঋষিজ শিল্পীগোষ্ঠী এবং উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। গান করেন উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য তাজিম সুলতানা, সহসভাপতি মাহমুদ সেলিম, ফকির সিরাজ প্রমুখ। আবৃত্তি করেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও উদীচীর সহসভাপতি বেলায়েত হোসেন। নাচ পরিবেশন করে লুবনা মারিয়মের দল ‘সাধনা’।