'আমার আর ছেলের শুরুটা একই স্কুলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিচি সোলায়মান। অভিনয়শিল্পী। নারী দিবস উপলক্ষে আজ এনটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত নাটক গোলাপ ও গ্ল্যাডিওলাস। কথা হলো তাঁর সঙ্গে

রিচি সোলায়মান
রিচি সোলায়মান

নারী দিবসের নাটকে...
নারী দিবস উপলক্ষে দুটি কাজ করেছি। একটির নাম গোলাপ ও গ্ল্যাডিওলাস এবং অন্যটি একলা আকাশ। গোলাপ ও গ্ল্যাডিওলাস নাটকের গল্পে একজন তারকার মাকে নিয়ে তাঁর সন্তানের মনের জটিলতার বিষয়টি তুলে ধরা হয়েছে। লিখেছেন ও পরিচালনা করেছেন শামীমা শাম্মী। আর একলা আকাশ টেলিছবিটি গতকাল শুক্রবার রাতে প্রচারিত হয়েছে এটিএন বাংলায়। স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে একটি মেয়েকে যে জটিলতার মধ্যে পড়তে হয়, তা-ই দেখানো হয়েছে। লিখেছেন ইরাজ আহমেদ, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
আপনি নিজেও একজন তারকা মা...
আমরা যাঁরা মিডিয়ায় কাজ করি, তাঁদের সন্তানদের কখনো জটিলতার মুখোমুখি হতে হয়, আবার হয় না। এ ক্ষেত্রে বাবা-মা দুজনেরই উচিত বন্ধু হয়ে সন্তানকে নিয়ে একসঙ্গে বসে খোলামেলা আলোচনা করা। এতে সন্তানের মনের মধ্যে জমে থাকা ধারণাগুলো দূর হবে।
আজ তো নারী দিবস...
আমি কোনো বিশেষ দিবসে বিশ্বাসী নই। বছরের প্রতিটি দিনই মেয়েদের বিভিন্ন সমস্যা নিয়ে ভাবি। আর আমার বাবার দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে সামর্থ্য অনুযায়ী সব সময় অবহেলিত নারীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
পরিবারকে সময়...
আমি ব্যালেন্সড একজন মানুষ। তবে এটা ঠিক যে সবাইকে শতভাগ না পারলেও সর্বোচ্চ চেষ্টা থাকে সুখী করার। পরিবারও আমার কাজের জন্য অনেক ত্যাগ স্বীকার করে। মায়ের সহযোগিতা না পেলে আমি কখনোই টিভিতে কাজ করতে পারতাম না।
আমার স্কুল...
আমার ছেলে রায়ান মালিক তিন বছরে পা দিল। আগস্ট থেকে ও স্কলাস্টিকা স্কুলে যাবে। মজার ব্যাপার হলো, আমার নিজেরও স্কুলজীবনের শুরুটা হয়েছিল স্কলাস্টিকা দিয়ে। আমার আর ছেলের শুরুটা একই স্কুলে।
বিনোদন প্রতিবেদক