‘আমার কাছে শ্রোতাই শেষ কথা’
আরফিন রুমী গানে গানে জয় করেছেন তরুণ মন। সিডি বা এফএম রেডিওতে তাঁর গান বেজেই চলেছে। কী করছেন এখন তিনি? তাঁকে নিয়েই আনন্দের আজকের আয়োজনখট! শব্দ তুলে ব্যাটের বাড়ি খেয়ে বল চলে গেল মিড অফের দিকে। হালকা একটা রব উঠল, ‘ক্যাচ!’ পরের বলটা নেটে না আটকালে যে বাউন্ডারি পেরিয়ে যেতই, তাতে কোনো সন্দেহ নেই। পরপর বেশ কয়েকটি বলই পেল এমন শাস্তি। সাকিব আল হাসান বা তামিম ইকবাল নন, কথা হচ্ছে আরফিন রুমীর সঙ্গে।অক্টোবরে শুরু হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ। সেই সকালে শুরু হয়েছে প্র্যাকটিস। একফাঁকে ছবি তুলেছেন কোচের অনুমতি নিয়ে। সাক্ষাৎকার দেওয়ার আগেও জানিয়ে এলেন কোচকে। পুরোদস্তুর ক্রিকেটারই যেন। ‘ওপেনিং ব্যাটসম্যান কাম অফস্পিনার,’ দলে নিজের অবস্থানটা জানিয়ে দিলেন। ক্রিস গেইলের মতো মারকুটে নাকি শচীন টেন্ডুলকারের মতো সাবধানী? ‘ডিপেন্ডস অন সিচুয়েশন,’ জানালেন রুমী। ক্রিকেট নিয়ে আলাপটা আরও লম্বা হতে পারত। মাথার টিকিটা চোখে পড়তেই কথা ঘুরে গেল। এবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়ে তো বলেছিলেন কেটে ফেলবেন...। ‘সামনের বছরও তো পেতে হবে।’ একগাল হাসি দিয়ে রুমীর উত্তর, ‘এটা পাঁচ বছর ধরে রাখছি। গানের জগতে আসার সময় থেকেই। এবার পুরস্কার পেয়ে কেন যেন মনে হচ্ছে এটা আমার জন্য লাকি। সামনেবারও যাতে পুরস্কারটা আমার হাতেই ওঠে, তাই রেখে দিয়েছি।’পুরস্কার পেয়ে ওভাবে কান্নায় ভেঙে পড়া, খুব কি উদ্বিগ্ন ছিলেন পুরস্কার পাওয়া নিয়ে? ‘আগামীবার পেলে হাসব।’ আবার হাসি রুমীর, ‘ওটা আমার জন্য খুব অপ্রত্যাশিত একটা ব্যাপার ছিল। আবেগটা সামলাতে পারিনি তখন। তবে একটু ভয়ে ভয়েই পুরস্কার নিতে যাই। হাবীব ভাইকে টপকে কোনো দিন পুরস্কার পেতে চাইনি। ওনার কাছ থেকে এখনো অনেক শেখার আছে। পরে তিনি অভিনন্দন জানিয়ে এসএমএসও করেছেন।’গান গেয়ে ক্যারিয়ার শুরু হলেও এখন সংগীতায়োজনেই বেশি ব্যস্ত রুমী। তবে কি গানটা মনোযোগ কম পাচ্ছে? ‘নিজের সুরে আমি কমই গান করতে চাই। দুই বছরে একটা করে একক অ্যালবাম করব হয়তো। আমি মনে করি, কম কাজ করলে কাজ ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমার খুব ভালো লাগে, যখন আমার হাত ধরে নতুন কোনো প্রতিশ্রুতিশীল শিল্পী আসেন এ জগতে। নিজে গাওয়ার চেয়ে নতুন একজন শিল্পীর জন্ম দিতে পারাটা বেশি তৃপ্তির।’ বলেন তিনি। সংগীতায়োজনের পাশাপাশি এখন গানও লিখছেন রুমী। সামনে আসছে রুমীর সংগীতায়োজনে কাজী শুভর অ্যালবাম সাদামাটা। এতে গান লিখেছেন রুমী। রুমী গান করেছেন ন্যান্সির সঙ্গে, নতুন শিল্পী পূজার সঙ্গেও। তবে রুমী-পড়শী জুটিটার কথাই ফেরে সবার মুখে। ‘জুটি তো বানান শ্রোতারাই। আমরা তো জুটি তৈরি করব ভেবে কাজ করিনি। অথবা আমরা যদি মুখে বলি তাহলেও হবে না। দর্শকের পছন্দই শেষ কথা। তবে পড়শী আর আমার প্রথম কাজটাই জনপ্রিয় হয়ে যাওয়াতে মনে হয় এই জুটিটা প্রতিষ্ঠিত হয়ে গেছে।’ বলেন রুমী।নতুন যেকোনো শিল্পীর সঙ্গেই কাজ করতে চান রুমী। তবে তাঁর একটা গুণ থাকতেই হবে। ‘গানটা অনুভব করে, আবেগ দিয়ে গাইতে হবে। আমার এই মনোভাবটা অন্যদের কাছে একটু অদ্ভুত ঠেকতে পারে। কে কতটা সুরে গাইল তা নয়, আমি দেখি কে কতটা দরদ দিয়ে গাইল। বেসুরোকে সুরে আনা যায় রেওয়াজ করে বা যন্ত্রের সাহায্যে। কিন্তু আবেগটা তার ভেতরে না থাকলে, সেটা কি কেউ দিয়ে দিতে পারে?’ সাদামাটা কথা, সহজ সুর—গান দিয়ে মানুষের মন ছুঁয়ে যাওয়ার মন্ত্র এটাই বলে মনে করেন তিনি। ‘আমার গানটা শ্রোতারা নিজেরাও যাতে গাইতে পারে, স্টেজ শোতে আমার সঙ্গে গলা মেলাতে পারে—এটা মাথায় রেখেই গান করি আমি। কী গাইলাম কেউ বুঝলই না—এমন গান গেয়ে লাভ কী? গান শুনে শ্রোতার মনে হবে, কী গাইল, একদম কলিজার ভেতর গিয়ে লাগল। তবেই না সে গায়ক! তবে আমি মনে করি আমি কোনো গায়কই না। লোকে আসলে আমার গায়কী, আমার আবেগটাই পছন্দ করে।’সহজ গানের স্রোতে উচ্চাঙ্গ ধাঁচের গানগুলো কি তবে হারিয়ে যাবে? এমনটাও মনে করেন না রুমী। ‘আমি মনে করি, শাস্ত্রীয় সংগীত হলো অলংকারের মতো। এটা সবার থাকে না। সবাইকে এটা দেওয়াও চলে না। এর জায়গাটা হারানোর নয়। তবে সবাই এর কদর বুঝবে এটাও আশা করা যায় না।’এই সময়ের গান নিয়ে অনেকেই অতৃপ্ত। রিমিক্স আর অটোটিউনের তোড়ে গানের মাধুর্যটা কি নষ্ট হয়ে যাচ্ছে? ‘এই সময়ে অনেক ধরনের গান হচ্ছে। সেগুলো জনপ্রিয়ও হচ্ছে। পাবলিক চয়েস আসলে খুব খারাপ জিনিস। মানুষ কোনো কিছু একবার পছন্দ করে ফেললে সেটার আর গুণ বিচারের কোনো সুযোগ থাকে না। যেমন, অনেক শিল্পী প্রচুর শ্রম দিয়েও মানুষের মন পান না। আবার কেউ হয়তো এর অর্ধেক পরিশ্রমেই প্রতিষ্ঠিত হয়ে যান। মানুষ যে কখন কাকে পছন্দ করবে, এটা আগে থেকে বোঝার উপায় নেই। আমার কাছে আমার শ্রোতাই তাই শেষ কথা। শুধু তাঁদের জন্যই আমি গান করি, আর কোনো শিল্পীর কাজ নিয়ে মন্তব্য কম করাই ভালো। করলেও যতটা ইতিবাচকভাবে বলা যায়। নতুন শিল্পীদের উৎসাহ দিলে, তাদের প্রতি আশাবাদী মনোভাব রাখলে, সেটা আমাদের পুরো সংগীতাঙ্গনের জন্যই ভালো।’কথা শেষ হয়। আবার ক্রিকেট প্রাকটিসে ব্যস্ত হয়ে পড়েন আরফীন রুমী।