কোনো কিছুই পরিকল্পনামতো করা হয় না। তবুও কীভাবে যেন সব হয়ে যায়। বাস্তবে চুপচাপ হলেও ক্যামেরার সামনে উচ্ছল ছটফটে। সেই মেয়েটি হলেন আরাবী রহমান। সম্প্রতি সামির আহমেদের রচনা ও পরিচালনায় এয়ারটেল নিবেদিত টেলিফিল্ম অরুণোদয়ের তরুণদল-এ অভিনয় করেছেন তিনি। ‘কয়েক দিন ধরেই খুব ভালো সাড়া পেয়েছি এই টেলিফিল্মের জন্য। শুটিং শুরুর মাত্র দুই দিন আগে আমি কাজ করার প্রস্তাব পাই। এ রকম কাজ তো আগে কখনো করা হয়নি। অভিজ্ঞতাটা অন্য রকম ছিল। ঢাকার বাইরে একটানা ১৭ দিন শুটিং করেছি। মজার ব্যাপার হলো, আমরা কেউ কাউকে চিনতাম না। নওগাঁয় যাওয়ার পরও তেমন করে শুরুতে বন্ধুত্ব হয়নি। কিন্তু টেলিফিল্মে বন্ধুদের একটা দল। ধীরে ধীরে খুবই ভালো বন্ধুত্ব হয় আমাদের। নিজেদের চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য শুটিংয়ের বাইরেও আমরা টেলিফিল্মের চরিত্রের নাম ধরে ডাকতাম। গ্রামের মানুষ তো ভেবে নিয়েছিল, ওটাই আমাদের আসল নাম। এমনও হয়েছে মোবাইলের নেটওর্য়াক পাওয়া যাচ্ছে না। মনে হয়েছে আমি যেন হারিয়ে গিয়েছি।’লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০০৮ প্রতিযোগিতায় তৃতীয় রানারআপ হন আরাবী। অভিনয়ের পথচলা সেখান থেকেই। ‘আমার কোনো কিছুই আগে থেকে ভেবে হয় না। ফেসবুকে এক বন্ধু লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০০৮ প্রতিযোগিতার লিংক পাঠায়। রেজিস্ট্রেশন করি। ঢাকার বিক্রমপুরে পরিবারের সঙ্গে গিয়েছিলাম। হঠাৎ সেখানে টেলিফোনে জানানো হয়, আমি নির্বাচিত হয়েছি। পরিবারের সবাই অনেক সহযোগিতা করেছে। এরপর লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার সময় অমিতাভ রেজা আমাকে ইচ্ছে হলো নাটকের গল্পটা বলেন। আমি তো রাজি হয়ে যাই রাকা চরিত্রটি করার জন্য। শুরুতেই এ ধরনের ভালো কাজ আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ইচ্ছে হলো আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখনো সবাই মনে রেখেছে। এরপর বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করেছি। টেলিটকের একটি বিজ্ঞাপন, মেরিল অলিভ অয়েল, প্রথম আলোর একাত্তরের চিঠি, নকিয়ার ডুয়েল সিমের বিজ্ঞাপন। অনেক কাজ না করলেও যতটুকু কাজ করি, তার মান যেন ভালো হয়, সেটি খেয়াল রাখি। মানসম্পন্ন কাজ করতে চাই। ভালো গল্প, চিত্রনাট্য ও পরিচালক হলে বাণিজ্যিক চলচ্চিত্রে কাজ করতে আপত্তি নেই আমার।’এই মুর্হূতে মাছরাঙায় শহীদুজ্জামান সেলিমের সামান্তা, অম্লান বিশ্বাসের নো প্রবলেম, বিটিভিতে বিশ্বাস ধারাবাহিক প্রচারিত হচ্ছে। প্রচারের অপেক্ষায় আছে বেশ কয়েকটি নাটক। অভিনয়ের পাশাপাশি আরাবী উপস্থাপনা করতে পছন্দ করেন। দেশটিভিতে ওয়ার্ল্ড মিউজিক অনুষ্ঠানটির উপস্থাপক তিনি। দুই বোন এক ভাইয়ের মধ্যে আরাবী মেজো। ছোট বোন রেজওয়ানাই ওর সবচেয়ে ভালো বন্ধু। ছোট বোনেরও সব আবদার বড় বোনের কাছে। ‘আমার খুব কম বন্ধু। বোনের সঙ্গে সব শেয়ার করি। আর মায়ের কথা কী বলব। মা আমার কাজের বড় সমালোচক। কিন্তু কোনো নাটক প্রচারের এক ঘণ্টা আগে মা-বাবা টিভির সামনে বসেন। মা ছাড়া আসলে এত দূর আসতে পারতাম না। আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এ বিবিএ পড়ছি। অভিনয় আর পড়াশোনা। একটু অবসর পেলেই দুই বোন মিলে পিৎজা, ফুচকা খেতে যাই। ভোজনরসিক আমরা। মন খারাপ হলে বিখ্যাত সব প্রেমের চলচ্চিত্র দেখি। বাইরে থেকে কঠিন মন হলেও মনটা আমার নরম। এখনো সিনেমা দেখে কাঁদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, হুমায়ূন আহমেদ ও জাফর ইকবালের বই পড়তে ভালোবাসি। সবচেয়ে ভালোবাসি সকালবেলার ঘুমকে।’ দেশের খ্যাতনামা অনেকের সঙ্গে অভিনয় করলেও আরাবীর ইচ্ছা সুবর্ণা মুস্তাফা ও শতাব্দী ওয়াদুদের সঙ্গে কাজ করার। এই ইচ্ছাও একদিন পূরণ হবে—এমনটাই ভাবেন আরাবী।