
ঈদের ছবি...
এবার ঈদে আমার তিনটি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো বদিউল আলম খোকনের মাই নেম ইজ খান, পি এ কাজলের ভালোবাসা আজকাল এবং এম এ জলিল অনন্তের নিঃস্বার্থ ভালোবাসা। ভালোবাসা আজকাল ছবিতে আমার চরিত্রটি ছিল ইতিবাচক। আর এই ছবিটি আমার স্ত্রীর খুব পছন্দ হয়েছে।
স্ত্রী যখন সমালোচক...
আমার ছবির বড় সমালোচক স্ত্রী। ও খুব ভালো বোঝে। আমার দুই ছেলের মধ্যে বড়টাও এখন অভিনয়ের অনেক কিছু বোঝে। ও আমার অভিনয়ের বড় ভক্ত। ছোট ছেলে স্কলাস্টিকা স্কুলে কেজি টুতে পড়ে। তার অভিযোগ, পুরো ছবিতে সবাইকে মারলেও কেন শেষে শাকিব খানকে মারতে পারিনি। এ নিয়ে তার আফসোসের শেষ নেই।
এখনকার ব্যস্ততা...
এই মুহূর্তে কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছি। ছবিগুলো হলো নার্গিস আকতারের যৈবতী কন্যার মন, ইফতেখার চৌধুরীর অগ্নি, জাকির হোসেন রাজুর দবীরের সংসার, আমীর সিরাজীর উত্তাল মন, আতিক রহমানের অন্তরে অন্তরে, ওয়াকিল আহমেদের শোধ ও এম এ জলিল অনন্তের মোস্ট ওয়েলকাম টু।
খলনায়ক হিসেবে আমার অনুপ্রেরণা...
আমি শুরু থেকেই হুমায়ুন ফরীদি ও রাজীব—এই দুজনকে অনুসরণ করেছি। তাঁদের অভিনয় দেখে শেখার চেষ্টা করেছি। তাঁরাই আমার খলনায়ক হওয়ার অন্যতম অনুপ্রেরণা।
কলকাতার সঙ্গে ঢাকার ছবি বিনিময়...
আমি এখনো বিনিময়ে পক্ষপাতী নই। তবে যৌথ প্রযোজনার ছবি তৈরি হতে পারে। এতে করে আমাদের শিল্পীদের ওপার বাংলার দর্শকেরা চিনতে শুরু করবে। কলকাতার বেশির ভাগ ছবির বাজেট ১৫ থেকে ২০ কোটি রুপি। সেখানে আমাদের দেশের ছবিগুলোর বাজেট মাত্র এক থেকে দেড় কোটি টাকা। আমাদের আরও এগোতে হবে। তাই আমি এখনই ছবি বিনিময়ের পক্ষপাতী নই।
ঈদে ঘুরে বেড়ানো...
পরিবারের সবাইকে নিয়ে সিলেটে গিয়েছিলাম। সেখানেই ঘুরে বেড়িয়েছি।
আমার স্বপ্ন...
আমার দীর্ঘদিনের স্বপ্ন, চলচ্চিত্রের জন্য একটি প্রতিষ্ঠান হবে। সেখান থেকে সব ধরনের কলাকুশলী আমরা পাব। চলচ্চিত্রও উন্নত হবে।
বিনোদন প্রতিবেদক