‘আমার জন্য দোয়া করতে বইলো’
‘কেমন আছেন?’‘মোটামুটি।’‘আপনার মোবাইল ফোনে সকাল থেকে চেষ্টা করেছি। বকুল ভাইও (কবির বকুল) চেষ্টা করেছেন।’‘গতকাল (রোববার) অসুস্থ হওয়ার পর থেকে ফোনটা বন্ধ রাখছি।’‘পিলু মমতাজ আপার খবর শুনছেন?’‘হ্যাঁ, শুনছি। এখন কী অবস্থা?’‘বিকেলে জানাজার পর দাফন হওয়ার কথা।’‘ও আচ্ছা। সবাইকে যাইতে হইব। পিলুও চইলা গেল।...’২৩ মে স্কয়ার হাসপাতালের ১৩০৭ নম্বর কেবিনে কথা হচ্ছিল আজম খানের সঙ্গে। আগের দিন রোববার অসুস্থ হওয়ার পর তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।সদ্যপ্রয়াত পিলু মমতাজকে নিয়ে তাঁর কাছ থেকে একটা লেখা নেওয়ার জন্য বারবার যোগাযোগ করা হচ্ছিল। পরে বিকেলে কমলাপুরের জসীমউদ্দীন সড়কে আজম খানের বাসায় গিয়ে জানা যায়, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্বাস্থ্যের খবর নেওয়ার জন্য দ্রুত স্কয়ার হাসপাতালে যাই। মেয়ে অরণীর সহযোগিতায় রাত আটটা নাগাদ কেবিনে কথা হলো আজম খানের সঙ্গে। ওই সময় সেখানে আরও ছিলেন ছেলে হূদয় খান। তাঁদের কাছ থেকে আজম খানের সর্বশেষ অবস্থা জানা যায়।আলাপের মাঝে এই কেবিনে আসেন একজন সেবিকা। আজম খানকে খাওয়ার ব্যাপারে বিভিন্ন পরামর্শ দেন তিনি। আজম খানও নিজের পছন্দের কিছু খাবার নিয়ে কথা বলেন তাঁর সঙ্গে। সেখানে প্রায় আধা ঘণ্টা থাকার পর বেরিয়ে আসার অনুমতি চাই আজম খানের কাছে। তিনি বললেন, ‘যাও। সবাইকে আমার জন্য দোয়া করতে বইলো।’এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার আজম খানকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।