‘আমার জন্য দোয়া করবেন’
বাংলাদেশের পপ গানের গুরুখ্যাত আজম খান গুরুতর অসুস্থ। ৪ জুলাই সন্ধ্যায় হঠাৎ করেই তাঁর অসুস্থতার খবর সংগীতাঙ্গনে ছড়িয়ে পড়লে অনেকেই ছুটে যান কমলাপুর জসীম উদ্দীন রোডের বাড়িতে।তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে অসুস্থতার কথা নিশ্চিত করেন আজম খানের বড় ভাই সংগীত পরিচালক আলম খান।জানা যায়, গত ২১ জুন তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।গতকাল মুঠোফোনে কথা হয় আজম খানের সঙ্গে। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে অসুস্থ। মুখের ভেতর জিভের নিচে একটু সমস্যা হচ্ছে। বেশ কয়েকজন ডাক্তার দেখালাম। স্কয়ার হাসপাতালে একটা চেকআপ করিয়ে এনেছি।’ তিনি আরও বলেন, ‘আমার জন্য সবাইকে দোয়া করতে বলবেন।’ওই সময় সেখানে উপস্থিত ছিলেন ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু।তিনি বলেন, ‘আজম ভাইয়ের যে সমস্যা, তার জন্য খুব দ্রুতই উন্নত চিকিৎসা দরকার। আমরা তাঁকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়ার চিন্তাভাবনা করছি। কারণ, আজম ভাই ছাড়া আমাদের সংগীতাঙ্গন অনেকটাই অন্ধকার।’