'আমার নাম মফিজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার লেনিন
খন্দকার লেনিন

সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না ডায়েরিটা। কবিতা লেখার ডায়েরিটাকে জরুরি কিছু মনে করে বাবা বাড়িতে নিয়ে যাননি তো! ফোন করা হলো, ‘আব্বা, আমার কালো ডায়েরিটা...ও...না না, খুব জরুরি কিছু না; থাক।’ বাবার সঙ্গে ফোনে কথা বলে মলিন মুখে হাসলেন মফিজ। বললেন, ‘স্যরি, ডায়েরিটা পেলাম না।’
‘আমার নাম মফিজ, ভাড়া হইছে তিরিশ’। এই এক সংলাপেই অচেনারা চেনেন তাঁকে। পরিচিতরা চেনেন লেনিন নামে। খন্দকার লেনিন কবিতা লেখেন নিজের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বার্ষিক থিয়েটার উৎসবে তাঁর নির্দেশনায় টিএসসিতে মঞ্চস্থ হয়েছিল স্যামুয়েল বেকেটের নাটক ওয়েটিং ফর গডো। তখন তিনি ছাত্র। বিভাগের শিক্ষার্থীদের নিয়ে নাটকটি দেখতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। নাটক শেষে মঞ্চে উঠে গিয়ে জড়িয়ে ধরেছিলেন তাঁকে। এই স্মৃতি লেনিনকে আচ্ছন্ন করে রাখে। সেদিন নাটক দেখে অনেক প্রশংসা করেছিলেন সেলিম আল দীন। লেনিন দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘স্যারের সঙ্গে কয়েকটা ছবি ছিল। মেমোরি কার্ডটা নষ্ট হয়ে সেগুলো হারিয়ে গেছে!’
তাঁর নির্দেশনায় মঞ্চস্থ হয় আরও কিছু নাটক। অভিনয় করেছেন বেহুলার ভাসান, হ্যারল্ড পিন্টারের দ্য রুম, সীতার বনবাসসহ অনেকগুলো নাটকে। সম্প্রতি একটি টুথপেস্টের বিজ্ঞাপন করেছেন। সিএনজিচালক ‘মফিজ’ এবার পুলিশ কর্মকর্তা। তামিল ছবির নায়কের কথা মনে করিয়ে দেয় তাঁর এই চেহারা। অপরাধ দমনের পাশাপাশি দাঁত পরিচ্ছন্ন রাখার আহ্বান রয়েছে এই বিজ্ঞাপনে।
এই সিরিজের প্রথম বিজ্ঞাপনটি যখন করেন, তখন তিনি তৃতীয় বর্ষের ছাত্র। এরপর আরও দুটি তৈরি হয়েছে। জানালেন, ‘ক্যাম্পাসে তখন উত্তাল সময়। কখনো নাটকের সেট সাজাচ্ছি, কখনো বা লাইট ও মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্ব। স্বপ্ন ছিল বড় পরিচালক হব। আমার অনুপ্রেরণা ছিলেন আমাদের বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জামিল আহমেদ।’
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে ‘টেলিভিশন নাটক ও অনুষ্ঠান প্রযোজনা’ নামে দুই মাসের একটি প্রশিক্ষণ কোর্স করেছিলেন লেনিন। কিন্তু পরিচালক হওয়া যায়নি। বাস্তবতার সঙ্গে পেরে ওঠেননি। ক্যারিয়ারের শুরুতে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন কিছুদিন। পরে বিসিএস দিয়ে সরকারের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। এখনো স্বপ্নের পেছনে লেগে আছেন এই তরুণ। অভিনয় করেছেন কয়েকটি টিভি নাটকে। নাটকের দলে কাজ করার সুযোগও হয়েছিল কিছুদিনের জন্য। ভালো গল্প আর চরিত্রে আমন্ত্রণ পেলে অভিনয় করার ইচ্ছে আছে তাঁর। প্রিয় শিক্ষককে স্মরণ করে লেনিন বলেন, ‘জামিল স্যার আমাদের বলেছিলেন, আচারে কখনো পেট ভরে না। অভিনয়টা যেন স্রেফ “অভিনয়” হয়ে না যায় সেদিকে লক্ষ রাখা দরকার। মঞ্চে কাজ করার সময় “অভিনয়” না করে বরং চরিত্রকে ধারণ করা শিখেছি।’
লেনিনের প্রিয় নাট্যকার চেখভ, কবি জীবনানন্দ দাশ। বাবা কলেজের অধ্যক্ষ ছিলেন, মা পড়াতেন স্কুলে। ঝালকাঠিতে থাকেন তাঁরা। তাঁদের বাড়ির পাশে বাঁশখালী নদী। এই নদীতে সাঁতার কেটেই বেড়ে উঠেছেন এই তরুণ। বন্ধুকে নিয়ে নদী দেখতে চলে যেতেন। তাঁর বিশ্বাস ছিল, নদী দেখলে হৃদয়টা নদীর মতো হয়ে যায়। জায়গাটা এখনো তাঁকে টানে। স্বপ্ন পূরণ হয়ে গেলে একদিন হয়তো ফিরে যাবেন সেখানে।