'আমার পরের অ্যালবাম হবে লোকগান নিয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপ্পা মজুমদার
বাপ্পা মজুমদার

বাপ্পা মজুমদার। সংগীতশিল্পী। দুই বছর পর আজ আসছে তাঁর নতুন অ্যালবাম। নাম জানি না কোন মন্তরে । বাজারে আনছে জিরোনা বাংলাদেশ।
এটি বাপ্পার দশম একক অ্যালবাম। আজ বিকেলে রাজধানীর এক রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খোলার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
কথা হলো বাপ্পার সঙ্গে।
‘জানি না কোন মন্তরে’...
শুরুতে ভেবেছিলাম অ্যালবামের নাম হবে ‘ক্যাফে হিলসাইড এভিনিউ’। ‘জানি না কোন মন্তরে’ গানটি গাওয়ার পর মনে হলো, এই নামটি শ্রোতাদের সঙ্গে খুব সহজেই অ্যালবামটির সংযোগ স্থাপন করতে পারবে। এটি লোকধাঁচের গান। কেন জানি গানটির প্রতি আমারও ভালোলাগা তৈরি হয়েছে।
এই অ্যালবামের বিশেষত্ব...
এই অ্যালবামে একটি ইনস্ট্রুমেন্টাল রেখেছি। আমার আগের সব কটি অ্যালবামের সব কাজ আমিই করেছি। এবারও করেছি, কিন্তু মিক্সিংসহ বিভিন্ন বিভাগে অভিজ্ঞদের সম্পৃক্ত করেছি। ফলে গানগুলো আরও ভালো হয়েছে। আমি মনে করি, শ্রোতারা অন্য রকম স্বাদ পাবেন।
গীতিকার বাপ্পা...
লেখালেখির তেমন অভ্যাস নেই। যদি কখনো কিছু মনে হয়, তখন কোথাও টুকে রাখি। পরে সময় সুযোগ পেলে তা নিয়ে লেখার চেষ্টা করি। এবারের অ্যালবামে তেমনিভাবে লেখা গান রয়েছে। আমার প্রথম লেখা গানের শিরোনাম ‘চাঁদের কণা’। বেঁচে থাক সবুজ অ্যালবামের ‘ঘুম আসে না’ গানটিও আমার লেখা।
নতুন কাজ...
জানি না কোন মন্তরে অ্যালবামের কাজ মাত্র শেষ করেছি। আগস্ট মাসে কানাডা যাব। ফিরে এসে যাব যুক্তরাষ্ট্রে। এরপর দেশে আসার পর নতুন অ্যালবামের কাজে হাত দেব।
নতুন অ্যালবাম...
আমার পরের অ্যালবাম হবে লোকগান নিয়ে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।
‘বেস্ট অব বাপ্পা মজুমদার’...
বেঁচে থাক সবুজ অ্যালবামের পর থেকে সংকলিত গানের অ্যালবাম তৈরির পরিকল্পনা করছি। নাম হবে বেস্ট অব বাপ্পা মজুমদার । আমার গাওয়া ২৪টি খুব জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে নতুন করে গাইছি। বেশির ভাগ কাজ শেষ করেছি। পরে ভেবে দেখলাম, এই অ্যালবামের আগে মৌলিক গানের অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিলে মন্দ হয় না। তবে এখন সিদ্ধান্ত নিয়েছি, লোকগানের অ্যালবামের পরই বেস্ট অব বাপ্পা মজুমদার শ্রোতারা হাতে পাবেন।