'আমার পাঁচটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাজনুন মিজান
মাজনুন মিজান

মাজনুন মিজান। দেড় যুগেরও বেশি সময় ধরে টিভি নাটকে অভিনয় করছেন। আজ বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক এলেবেলে। বদরুল আনাম সৌদ পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন মিজান

‘এলেবেলে’...
পুরো নাটকটি ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় তৈরি হয়েছে। আমার জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। তবে সুবর্ণা মুস্তাফা আর বদরুল আনাম সৌদের কারণে তা খুব সহজ হয়ে যায়। পরিচালক যেভাবে চরিত্রটিকে চিত্রায়ণের পরিকল্পনা করেছেন, আমি সেভাবেই কাজটি করেছি। এই নাটকের মধ্য দিয়ে প্রতিটি মুহূর্তে আমি কিছু শিখছি।

‘পিঞ্জর’...
একই পরিচালকের আরেকটি ধারাবাহিক নাটক পিঞ্জর। এই নাটকে আমার চরিত্রটি এলেবেলের একেবারে বিপরীত। খুব সিরিয়াস। বন্যা মির্জার প্রেমে হাবুডুবু খাই। পিঞ্জর নাটকের গল্প বলার ঢং অসাধারণ!

ভূগোল ও পরিবেশবিজ্ঞানের ছাত্র...

নাটক ও নাট্যতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় সেই সুযোগ ছিল না। বাধ্য হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশবিজ্ঞানে ভর্তি হই। তবে আমার ধ্যানজ্ঞান সবকিছু ঘিরে ছিল নাটক।

নাটকে আগ্রহ...

চতুর্থ শ্রেণীতে পড়ার সময় মানিকগঞ্জের নবীন সিনেমা হলে চন্দনদ্বীপের রাজকন্যা ছবিটি দেখেছিলাম। সিনেমা হলে বসেই সিদ্ধান্ত নিই, বড় হয়ে নায়ক হব। তখন গ্রামে বন্ধুরা মিলে মঞ্চনাটক শুরু করি। বিশেষ দিনগুলোতে তা মঞ্চস্থ করতাম। মঞ্চে আমার সঙ্গে বাবাও অভিনয় করেছিলেন।

এখন যা করছি...

ঈদের নাটকের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে অনিমেষ আইচ, মাহফুজ আহমেদ, শামীম শাহেদ, সকাল আহমেদ, মাহমুদ দিদার, দেবজ্যোতি ভক্ত ও অঞ্জন আইচের নাটকে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়েছে। আর এখন আমার পাঁচটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। ওগুলোর কাজও করছি।

বিনোদন প্রতিবেদক