
আসাদুজ্জামান নূর। অভিনেতা। আজ বিটিভিতে পুনঃপ্রচার করা হবে হুমায়ূন আহমেদের এইসব দিনরাত্রি ধারাবাহিকটি। নাটকটিতে অভিনয় করেছেন তিনি।
‘এইসব দিনরাত্রি’, সেই সব দিনগুলো...
আমার প্রথম ধারাবাহিক নাটক ছিল সেটি। এ ছাড়া তার আগে আমার অভিনীত বেশির ভাগ নাটকই ছিল প্রেমের গল্পের। প্রেমের গল্পে আবার আমার খুব স্বস্তি ছিল না। সেদিক থেকে এইসব দিনরাত্রি নাটকে আমার চরিত্রটি ছিল একেবারে অন্য রকম। দর্শক পছন্দও করেছিল বেশ।
হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়...
এই নাটকের আগে একটি এক ঘণ্টার নাটক করেছিলাম। সেটি দিয়েই মূলত হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়। ওই নাটকে আমার অভিনয় দেখে এইসব দিনরাত্রিতে নিলেন আমাকে। তারপর হুমায়ূন আহমেদের একের পর এক ধারাবাহিকে অভিনয় করলাম। বহুব্রীহি, অয়োময়, কোথাও কেউ নেই, আজ রবিবারসহ আরও কয়েকটি। মজার বিষয়, একেকটি নাটকে একেক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। ফলে, আমি সমৃদ্ধও হয়েছি।
‘এইসব দিনরাত্রি’ বইটি পড়ে...
বই পড়ার এক মজা, অভিনয়ের সময় আরেক আনন্দ। নাটকটির সঙ্গে বইয়ের গল্পের অনেক পার্থক্য ছিল। তার পরও বই পড়ার মজা তো ছিলই।
অভিনয়জীবনে আর যে চাওয়া বাকি...
আমি এই জীবনেই সন্তুষ্ট, তৃপ্ত। তবে এখন আর অভিনয়ে তীব্র আগ্রহ অনুভব করি না। যে জীবনে পা রেখেছি, তাতে করে অভিনয়ের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়াও সম্ভব নয়।
আমার লেখার ভুবন...
অনেক পরিকল্পনাই করি, কিন্তু কিছুই করে ওঠা হয় না। এখন পুরোপুরি জাতীয় সংসদের নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচন শেষ হলে লেখালেখি করব।
আমার পথচলা...
নাটক থেকে রাজনীতিতে আসার আগে অবশ্যই অনেক ভেবেছি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। আমার ভেতরে যে চেতনা কাজ করত, সেই চেতনায় মুক্তিযুদ্ধে গেছি। তারপর নাটকের মাধ্যমেও সেই চেতনার কথা বলেছি। কিন্তু একসময় মনে হয়েছে, মানুষের জীবন পরিবর্তনে আরও গভীর ভূমিকা রাখতে পারি রাজনীতির মধ্য দিয়েই। আর রাজনীতি একটা ধারাবাহিক নাটকের মতো, এর কোনো শেষ নেই। মানুষের চাহিদা ও উন্নয়ন ধারাবাহিক প্রক্রিয়া।
মাহফুজ রহমান