এক হাতে অস্ত্র, অন্য হাতে মানুষের কাটা মুণ্ডু! ভয়ংকর এই সন্ত্রাসীকে কাঁধে তুলে ছুটছেন এক পালোয়ান। পাশে আরও সন্ত্রাসীর উপস্থিতি। দূরে জেলখানার গেটে পুলিশ। অর্থাৎ যেখানে তাঁর থাকার কথা, সেখানে নেই। অস্ত্র আর পেশিশক্তির বলে তিনি বীরদর্পে অপকর্ম ঘটিয়ে চলছেন। এভাবেই দেশের সাম্প্রতিক অবস্থা উঠে এসেছে শিল্পী আবু সেলিমের ব্যঙ্গচিত্রে। দেশের বিভিন্ন অসংগতির কথা তিনি ফুটিয়ে তুলেছেন ব্যঙ্গচিত্রগুলোতে। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের জুম গ্যালারিতে ‘আমার প্রিয় মাতৃভূমি ৩’ শিরোনামে শুরু হয়েছে এই ব্যঙ্গচিত্র প্রদর্শনী। দেশের সাম্প্রতিক অস্থিরতা, দুর্নীতি, সন্ত্রাস এবং রাজাকারদের অপতৎপরতার চিত্র উঠে এসেছে এতে। মোট ৩০টি ব্যঙ্গচিত্র রয়েছে প্রদর্শনীতে।প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কার্টুনিস্ট আহসান হাবীব। সভাপতিত্ব করেন আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক অলিভিয়ে লিতভিন।কালি-তুলিতে আঁকা এসব ব্যঙ্গচিত্রে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, সন্ত্রাসীদের কর্মকাণ্ড, রাজাকার—এসবই তাঁর আঁকার মূল বিষয়বস্তু। একজন শিল্পীর কাছে তাঁর নিজের প্রিয় দেশটি মায়ের মতোই। এই দায় থেকেই এবার ব্যঙ্গচিত্রগুলো আঁকা। চেষ্টা করেছেন এ দেশের কৃষক, জেলে, শ্রমজীবী মানুষ, ছাত্র, আদর্শবান রাজনীতিবিদ, সর্বোপরি সব শ্রেণীর মানুষের মনের কথাটি ব্যঙ্গচিত্রের মাধ্যমে প্রকাশ করতে। প্রদর্শনী চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।বাংলা একাডেমী প্রাঙ্গণে কারুমেলাবাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামীকাল শুক্রবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের কারুমেলা। বাংলা একাডেমী প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চারজন কারুশিল্পীকে ‘শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার’ দেওয়া হবে।গতকাল বুধবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন জাতীয় কারুশিল্প পরিষদের সহসভাপতি শিল্পী চন্দ্র শেখর সাহা, পরিষদের নির্বাহী কমিটির সদস্য রুবী গজনভী, শহীদ হোসেন, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার বেলা ১১টায় কারুমেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেবেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি মনিরা এমদাদ। উদ্বোধনী অনুষ্ঠানে ১৪১৯ সালে কারুশিল্পের চারটি মাধ্যমে শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা। এ বছর পুরস্কার পাচ্ছেন রংপুরের পীরগাছার মো. আরিফুজ্জামান (শতরঞ্জি), কুষ্টিয়ার দূর্বাচারার প্রদীপ কুমার দাস (বাঁশ-বেত), রাজশাহীর সুবোধ চন্দ্র পাল (টেপা পুতুল) ও কুষ্টিয়ার মো. শরিফুল ইসলাম (দারুশিল্প)।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘কারুশিল্পে জাতীয় ঐতিহ্য পুনরুদ্ধার ও শিল্পীদের সৃজনশীলতায় নবীন মাত্রা সঞ্চারের লক্ষ্যে জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশন প্রতিবছর কারুশিল্প মেলা ও পুরস্কার দিয়ে আসছে। শিল্পীদের মানোন্নয়ন, কারুশিল্পে জাতীয় ঐতিহ্যকে উৎসাহদান এবং এ শিল্পকে জনপ্রিয় করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’তিন দিনব্যাপী কারুমেলায় প্রায় ২০টি স্টলে বিভিন্ন কারুশিল্পীরা তাঁদের শিল্পকর্ম প্রদর্শন করবেন। কারুমেলা চলবে ১৩ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।নববর্ষের বই উৎসবঅ্যাডর্ন পাবলিকেশনের আয়োজনে রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে চলছে নববর্ষ বই উৎসব। গত ২৯ ডিসেম্বর শুরু হওয়া এ উৎসব চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। বই উৎসবের পাশাপাশি চলছে বইকেন্দ্রিক নানা আয়োজন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় শাহবাগ লাইব্রেরির নিচতলার সেমিনার হলে ‘মজার পড়া ১০০ ছড়া’ শিরোনামে সাতজন কবির সাতটি বই নিয়ে আয়োজন করা হয়েছে ‘ছড়া পড়া উৎসব ও আলোচনা অনুষ্ঠান’। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। আলোচক থাকবেন মনোবিজ্ঞানী মেহতাব খানম, শিশুসাহিত্যিক আলী ইমাম, অধ্যাপক মোরশেদ শফিউল হাসান, শিশুসাহিত্যিক আখতার হুসেন ও আহমাদ মাযহার। এ ছাড়া বাংলাদেশ শিশু একাডেমীর আবৃত্তি বিভাগের সাতজন শিশু সাতটি বই থেকে ছড়া আবৃত্তি করবে।বই উৎসবে গত মঙ্গলবার লেখক গবেষক জয়নাল হোসেন রচিত রাজা ভাওয়াল সন্ন্যাস ও ভাওয়াল পরগনা, মাথিনের কূপ এবং ব্যতিক্রমী আট শীর্ষক গ্রন্থ তিনটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে গণগ্রন্থাগার অধিদপ্তরের নিচতলার সেমিনার হলে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে ‘পড়তে হয়, না হয় পিছিয়ে পড়তে হয়’ শীর্ষক উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।