‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’ মুক্তি পাচ্ছে আগামী ১ এপ্রিল। চলচ্চিত্রটির শুভমুক্তি উপলক্ষে আজ বুধবার দুপুরে স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মুঠোফোন প্রতিষ্ঠান রবির প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুত্ কুমার বসু, পরিচালক মোরশেদুল ইসলাম, পরিবেশক হাবিবুর রহমান খানসহ আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের কলাকুশলীরা।অনুষ্ঠানে পরিচালক মোরশেদুল ইসলাম বলেন, ‘ছবিটি সরকারি অনুদানে তৈরি করেছি। একটা পর্যায়ে পুরো কাজটা শেষ করতে পারিনি। পরে এ ব্যাপারে ইমপ্রেস টেলিফিল্ম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কয়েকটি বিশেষ দৃশ্য ধারণের জন্য সেনাবাহিনী ও নৌবাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে।’জানা গেছে, ১৯৭১ সালে মফস্বল শহরের কয়েকজন কিশোর কীভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে, তাই নিয়ে ছবির গল্প গড়ে উঠেছে। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রে রাশেদের ভূমিকায় অভিনয় করেছে জাওয়াতা আফনান। এ ছাড়া অন্য শিশুশিল্পীরা হলো—ইবতেশাম চৌধুরী, রিফায়েত জিন্নাত, ফাইয়াজ বিন জিয়া, লিখন রাহি, কাওসার আবেদীন ও কাজী রায়হান সোকাহান।অন্য অভিনয়শিল্পীরা হলেন—রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ইনামুল হক, আরমান পারভেজ মুরাদ, ওয়াহিদা মল্লিক, হোমায়রা হিমু প্রমুখ।উল্লেখ্য, ৫ মার্চ চ্যানেল আই ভবনে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ছবিটির প্রচারণার কাজ শুরু হয়েছিল। ওই সময় ছবিটির ওয়েবসাইটের উদ্বোধন করেন ছবির কাহিনিকার মুহাম্মদ জাফর ইকবাল।ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও মনন চলচ্চিত্র।