‘আমার বন্ধু রাশেদ’ ছবির ওয়েবসাইট উদ্বোধন
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও মনন চলচ্চিত্রের যৌথ প্রযোজনায় মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বন্ধু রাশেদ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। সেই সঙ্গে চলচ্চিত্রটির ওয়েবসাইটের উদ্বোধনও করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কাহিনিকার মুহম্মদ জাফর ইকবাল, পরিচালক মোরশেদুল ইসলাম ও পরিবেশক হাবিবুর রহমান খান।এ সময় মুহম্মদ জাফর ইকবাল ছবিটির ওয়েবসাইটের উদ্বোধন করেন। www.amarbondhurashed.com—এই ওয়েবসাইটে থাকবে ছবির বিভিন্ন তথ্য। মুক্তিযুদ্ধের এই ছবির গল্প ও নির্মাণ সম্পর্কে বক্তারা বিভিন্ন স্মৃতি ব্যক্ত করেন। ছবিটি মুক্তি পাচ্ছে ১ এপ্রিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী মূকাভিনেতা পার্থ প্রতীম মজুমদার, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ অনেকে।‘আমার বন্ধু রাশেদ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ২৫ মার্চ। বিশ্বকাপ ক্রিকেটের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। পরিচালক মোরশেদুল ইসলাম জানান, প্রেক্ষাগৃহে ছবিটি আগামী ১ এপ্রিল মুক্তি দেওয়া হবে। প্রাথমিকভাবে স্টার সিনেপ্লেক্স, বলাকাসহ মোট পাঁচটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা হলেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, ইনামুল হক, ওয়াহিদা মল্লিক জলি, আরমান পারভেজ মুরাদ, গাজী রাকায়েত, হোমায়রা হিমু প্রমুখ। এ ছাড়া রয়েছে লিটল থিয়েটারের একদল কিশোর অভিনেতা।৩৫ মিলিমিটারে ধারণকৃত ছবিটিতে সংযুক্ত হয়েছে ডলবি সাউন্ড সিস্টেম। ছবিটির দৈর্ঘ্য ১০০ মিনিট।