‘আমার বন্ধু রাশেদ’ ছবির কর মওকুফ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বন্ধু রাশেদ ছবির কর মওকুফ করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন পরিচালক মোরশেদুল ইসলাম। তিনি জানান, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১ এপ্রিল। কিন্তু ছবিটির কর মওকুফ করার জন্য তিনি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছেন গত বছরের ডিসেম্বর মাসে। এখনো সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় হতাশ হয়েছেন তিনি। মোরশেদুল ইসলাম বলেন, ‘স্টার সিনেপ্লেক্সে পাশাপাশি দুটি হলে গেরিলা ও আমার বন্ধু রাশেদ প্রদর্শন করা হচ্ছে। আমার ছবিটির পর মুক্তি পেয়েছে গেরিলা। সরকার এই ছবির কর মওকুফ করেছে। ফলে গেরিলা ছবির টিকিট ১৭৫ টাকা। কর মওকুফ না হওয়ায় আমার বন্ধু রাশেদ-এর টিকিট ২৫০ টাকা।’মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস আমার বন্ধু রাশেদ অবলম্বনে মোরশেদুল ইসলাম তৈরি করেছেন এই শিশুতোষ ছবিটি। মোরশেদুল ইসলাম আরও বলেন, ‘ছবিটি শিশু-কিশোরদের নিয়ে পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারবে। কিন্তু টিকিটের দাম বেশি হওয়ায় অনেক দর্শকের পক্ষেই তা সম্ভব হয় না। কর মওকুফ করা হলে ছবিটি আরও অনেক দর্শক দেখতে পারবে।’