'আমার বন্ধু শাহরুখ খান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান-শাহরুখ
সালমান-শাহরুখ

চলতি মাসের শুরুর দিকে শাহরুখ খান জানিয়েছিলেন, সালমান খানের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো বিরোধ নেই। সালমানের সঙ্গে এক ছবিতে অভিনয়ে আপত্তি নেই বলেও জানিয়েছিলেন ‘বলিউড বাদশাহ’। সম্প্রতি শাহরুখকে বন্ধু সম্বোধন করেছেন সালমান খান। শাহরুখ-সালমানের সখ্য এভাবে আরেক ধাপ এগিয়ে যাওয়ার বিষয়টি নিঃসন্দেহে তাঁদের ভক্তদের জন্য অনেক বড় পাওয়া।
সম্প্রতি ‘গোরি তেরে পেয়ার মে’ ছবির প্রচারণার কাজে এর প্রধান দুই অভিনয়শিল্পী কারিনা কাপুর খান ও ইমরান খান ‘বিগ বস ৭’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিতে দক্ষিণ ভারতীয় যুবক শ্রীরাম ভেংকট চরিত্রে দেখা যাবে ইমরানকে। করণ জোহর প্রযোজিত ছবিটি মুক্তি পাচ্ছে ২২ নভেম্বর।
ইমরান ‘বিগ বস ৭’ অনুষ্ঠানের সঞ্চালক সালমানকে জিজ্ঞেস করেন, ‘আপনি কখনো কোনো ছবিতে সাউথ ইন্ডিয়ান চরিত্রে অভিনয় করেছেন?’ জবাবে সালমান বলেন, ‘না, আমি কখনোই সাউথ ইন্ডিয়ান চরিত্রে অভিনয় করিনি। তবে আমার বন্ধু শাহরুখ খান “রা ওয়ান” ছবিতে সাউথ ইন্ডিয়ান চরিত্রে অভিনয় করেছিল।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
শাহরুখ ও সালমান অভিনীত ‘করণ-অর্জুন’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। এরপর দেড় যুগ কেটে গেলেও আর কোনো ছবিতে প্রধান চরিত্রে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। আবার কোনো ছবিতে তাঁরা একসঙ্গে অভিনয় করবেন কি না—এমন প্রশ্নের জবাবে কিছুদিন আগে শাহরুখ বলেছিলেন, ‘ভালো চিত্রনাট্য নিয়ে প্রযোজক ও পরিচালকদের এগিয়ে আসতে হবে। ব্যাটে-বলে মিলে গেলে আবার আমরা একসঙ্গে কাজ করব ইনশাআল্লাহ।’

কিং খান আরও বলেছিলেন, ‘আমাদের মধ্যে ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আত্মমর্যাদার লড়াইও নেই। দুজনের চলার পথটা ভিন্ন হলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে আমাদের ভেতর। আমরা একে অপরকে বহু বছর ধরে চিনি ও জানি। সালমানের পরিবারের সদস্যদের সঙ্গেও আমার ভালো সম্পর্ক রয়েছে। সব মিলিয়ে আবার এক ছবিতে অভিনয় না করার কোনো কারণ দেখি না। দেখা যাক, কতদূর কী হয়।’

একটা সময়ে শাহরুখ ও সালমানের ভেতর দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু তাঁদের সেই বন্ধুত্বে ফাটল ধরে ২০০৮ সালে সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে। সেদিন তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন শাহরুখ-সালমান। সেই থেকে তাঁদের মধ্যে দূরত্বটা ক্রমেই বাড়তে থাকে। তাঁরা বছরের পর বছর কথা বলেননি। শুধু তা-ই নয়, একে অপরের ছায়াও মাড়াতেন না। সুযোগ পেলেই কথার মারপ্যাঁচে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করতেন।

এভাবে শাহরুখ-সালমান বলিউডের চিরশত্রু দুই তারকায় পরিণত হয়েছিলেন। তবে গত রমজান মাসে এক ইফতার অনুষ্ঠানে একে অপরকে আলিঙ্গন করে দীর্ঘ পাঁচ বছরের দ্বন্দ্বের অবসান ঘটিয়েছেন বলিউডের অন্যতম প্রভাবশালী এ দুই তারকা অভিনেতা।