'আমার বিশ্বাস বাংলাদেশ জিতবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনার রহমান
মিনার রহমান

সংগীতশিল্পী মিনার রহমান কিছুদিন আগে টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন। এখন অনেকটা সেরে উঠেছেন। তবে, শরীর এখনো কিছুটা দুর্বল। কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের কথা উঠতেই তাঁর কণ্ঠে ফুটে উঠল দারুণ উচ্ছ্বাস। চলছে চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল। টসে হেরে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। আজ বাড়িতে বসে খেলা দেখছেন মিনার। খেলা শুরুর কিছুক্ষণ আগে প্রথম আলোর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি আজকে খুব এক্সাইটেড। বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে, এটা অবশ্যই অনেক আনন্দের ব্যাপার।’
‘আমি চাই বাংলাদেশ জিতুক। আমার প্রত্যাশা পুরো টিমের কাছে। আলাদাভাবে কারও কাছে প্রত্যাশা নেই। সবাই মিলে ভালো খেললেই আজ আমরা জিততে পারব। আমার বিশ্বাস, আজকে বাংলাদেশ জিতবে।’ দৃঢ় কণ্ঠে বললেন মিনার।
উল্লেখ্য, জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ এই গায়কের খুব কাছের বন্ধু।
যদি আজ সত্যি জিতে যায় বাংলাদেশ, তাহলে জয়ের উদ্‌যাপন কীভাবে করবেন মিনার? জানালেন, ‘চিকিৎসক আমাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন। এ জন্য বাসা থেকে হয়তো বের হতে পারব না। এতে অবশ্য উদ্‌যাপন থেমে থাকবে না। আমার তো মনে হচ্ছে, আজ যদি আমরা জিততে পারি, তাহলে সেই খুশিতেই আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব।’
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে দুই উইকেটে হারিয়ে ৯৯ রান। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, বলা যায় না কখন কী হয়। আজ মিনারের বিশ্বাস সত্যি হলে আনন্দে ভাসবে পুরো দেশ।