
তৌকীর আহমেদ। জনপ্রিয় অভিনেতা; পরিচালক ও নাট্যকার হিসেবেও সমান পরিচিত। আজ আরটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত গোপনে ধারাবাহিকটি।
ঈদের নাটক...
পরিচালনা করলাম দুটি নাটক। লিখেছিও দুটি। আর অভিনয় করলাম আবুল হায়াত, মাহমুদ দিদার, আশফাক নিপুণ, ফয়সাল রাজীব, শুভ্র খান, দীপংকর দীপনসহ আরও কয়েকজনের পরিচালনায়।
বিপাশা ও আমি পর্দায় যেদিন প্রথম নায়ক-নায়িকা...
সোনালি রোদ্দুর নামের একটি নাটকে আমরা প্রথম নায়ক-নায়িকা চরিত্রে অভিনয় করি। প্রথম নাটকেই বেশ ভালো সাড়া পেয়েছিলাম।
আমার অভিনীত যে চরিত্রটির সঙ্গে নিজের মিল খুঁজে পাই...
যখন যে চরিত্রে অভিনয় করি, তখন সেই চরিত্রটিকে ধারণ করার চেষ্টা করি। যত দূরে যাই নাটক, রূপনগর-এর পলাতক কিংবা এক জোনাকির ডাকাত—সব চরিত্রেই নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আর আমি অভিধাননির্ভর অভিনয় করি না। অভিনীত চরিত্রটির মনস্তত্ত্ব বুঝে কাজ করার চেষ্টা করি। ভেতর থেকে বাইরেরটা নির্মাণ বলা যায় একে। তাই আমার বেলায় অতি-অভিনয় ব্যাপারটি নেই।
নাট্যকেন্দ্র ও মঞ্চের দিনগুলো...
মঞ্চে তো এখন নিয়মিত নই, ফলে মঞ্চ মিস করি। এখন মঞ্চনাটক লেখার দিকে মনোযোগী হয়েছি। মঞ্চে আমার লেখা ইচ্ছামৃত্যু নাটকটির নিয়ামত প্রদর্শনী হচ্ছে। আরও নাটক লিখছি।
‘প্রতিসরণ’, ‘ইচ্ছামৃত্যু’ ও আমার লেখালেখি...
প্রতিসরণ ও ইচ্ছামৃত্যু—আমার দুটি বই-ই মঞ্চনাটকের। এ ছাড়া টিভি নাটক তো লিখছিই। সামনে বইমেলার জন্য কিছু লেখার ইচ্ছা আছে। লেখালেখিটা চালিয়ে যাওয়ারও ইচ্ছা আছে নিয়মিত।
রূপনগরে ফিরে গেলে...
জীবনটা একমুখী যাত্রা। এটা আমি ভালো করে জানি। সামনে এগিয়ে যাওয়ার মাঝে সৌন্দর্য আছে। এ ছাড়া বয়স বৃদ্ধি এবং একেকটি বয়সে একেক রকমের সৌন্দর্য বিদ্যমান। তাই আমি সামনের দিকে তাকাতেই পছন্দ করি।
অভিনয়ের বাইরে ব্যস্ততা...
আমাদের রিসোর্ট ‘নক্ষত্রবাড়ি’ নিয়ে ব্যস্ততা আছে। নক্ষত্রবাড়ি নামকরণ করেছিলাম; কারণ, বিপাশা ও আমি জীবনানন্দ দাশের কবিতার খুব ভক্ত। তাঁর কবিতায় ‘নক্ষত্র’ শব্দটি অনেকবার পাওয়া যায়। সেই ভালো লাগা থেকেই এই নামকরণ।
মাহফুজ রহমান