'আমার শুটিং স্টুডিওতে হয়েছিল সন্ত্রাসী হামলা!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকে মুভি আমার কাছে এক অপার রহস্য। আম্মা-খালাদের কোলে বসেই প্রথম মুভি দেখি। এক বিশাল হলঘরের বড় পর্দায় কী যেন সব ঘটে চলেছে। সবাই হা করে তা দেখছে। আম্মা হাসছে, খালা কাঁদছে, লোকজন তালি দিচ্ছে। কোলে বসে ঘুরে ঘুরে তাঁদের এই হাসি-কান্না বোঝার চেষ্টা করতাম। বিরতিতে সবাই নরমাল। হাসি হাসি মুখ। হট প্যাটিস-ফান্টা। মুভির এই ‘ফ্যান্টা’সি পর্বটিই আমার সবচেয়ে প্রিয় ছিল। কিছু না বুঝলেও গান আর ফাইটিং দৃশ্যগুলো মনে থাকত। পরদিন বাসায় সারাক্ষণ ঢিশুম ঢিশুম শব্দে ফাইট করে সবাইকে মাতাতাম।

মা-খালার কোল ছাড়লেও মুভি আমাকে ছাড়েনি। স্কুল-কলেজ চষে বেড়িয়েছি বলাকা-মধুমিতা-অভিসার-গুলিস্তান-আনন্দ-ছন্দ। আর ইউনিভার্সিটি পেরিয়ে নিজের অজান্তেই হেঁটে হেঁটে চলে এসেছি টিভি ক্যামেরার পেছনে। আমার প্রথম লেখা টিভি কমেডি ‘লটারি’। প্রথম একুশে টিভিতে প্রচার হয়েছিল। কাকতালীয়ভাবে অভিনেত্রী জয়া আহসানের প্রথম অভিনীত টিভি নাটক ওটাই। জয়াকে আমি প্রথম দেখি একটা মিউজিক ভিডিওর মডেল হিসেবে। দেখেই চমকে উঠি। বুড়ি সেজে কুলা হাতে জয়া ধান ঝাড়ছে। যা-তা বুড়ি না, একেবারে ধবধবে সাদা চুলের বুড়ি। একটা শট মনমতো না হওয়ায় আমেরিকান উচ্চারণে বুড়ি বলল, ‘শ-শ-শিট! আবার নেন প্লিজ!’ জীবনে এত সুন্দর বুড়ি দেখি নাই! ভাবলাম, বুড়ি যদি এত সুন্দরী হয়, ছেলেরা ছুঁড়ি খোঁজে কেন? চরিত্রের প্রয়োজনে জয়া যেকোনো গেটআপ নিতে পারে। সে জাত অভিনেত্রী।

খই ফোটার মতো তখন টিভি মিডিয়ায় আমার নাম ফুটছে। আমি নাকি খুব ভালো কমেডি বুঝি। শুনে আমিও গরম তেলের কই মাছের মতো লাফাচ্ছি।

শুটিং করার জন্য তখন উত্তরায় দু-তিনটা শুটিং স্টুডিও হয়েছে। শুটিং স্টুডিও মানে সামনে বড়সড় লনসহ দোতলা বাড়ি। লিভিং রুম, বেডরুম, ডাইনিং রুম সবই আছে। এখানে ঘরের ভেতরের দৃশ্যগুলো শুট হয়। যারা এখানে শুটিং করে, প্রতিদিন শুটিং শেষে ভাড়া দিয়ে যায়। ডেইলি ভাড়া। ব্যবসাটা ভালো।

গুলশান ১ নম্বরে আপার তিনতলা বাসা পুরো খালি। দুই পাশে বিশাল লন। দিলাম ঢাকার সবচেয়ে অভিজাত শুটিং স্টুডিও ওপেন করে। প্রথমেই ঢাকাই ফিল্মের এক প্রযোজক ভাড়া নিয়েছেন আমার স্টুডিও। শুটিং করবেন।

পরদিন স্টুডিওতে গিয়ে দেখি স্টুডিও আমার ক্লিনিক হয়ে গেছে! সামনে বিশাল সাইনবোর্ড—আশা ক্লিনিক। গেইটে ক্লিনিকের দুই সিকিউরিটি। আমি ঢুকতে গেলে জিজ্ঞেস করল, কোথায় যাবেন? পরিচয় না দিয়ে গম্ভীরভাবে বললাম, বড় ডাক্তারের কাছে।

ঢুকে দেখি, সব দরজায় রেড ক্রিসেন্টের লাল ছাপ মারা সাদা পর্দা ঝুলছে। তিন-চারজন নার্সকে দেখলাম ছোটাছুটি করতে। দুজন ডাক্তারও আছে। আছে চাকাওয়ালা বেড। এক ব্যাগ ব্লাড ঝুলছে বেডে। গরুর রক্ত। যন্ত্রপাতি সব আছে। একটা দরজায় বড় করে লেখা, অপারেশন থিয়েটার। যিনি অপারেশন করবেন, সেই সিনিয়র ডক্টরকে দেখলাম। কাঁচাপাকা চুল। সবুজ অ্যাপ্রোন পরে ঘুরঘুর করছেন। পরিচালককে বললাম, ‘পেশেন্ট কই?’ বললেন, ‘মেক আপ নিচ্ছে।’ বললাম, ‘হয়েছে কী?’ বললেন, ‘খুব খারাপ অবস্থা। চিটাগংয়ে পাহাড় থেকে পড়ে গেছে নায়িকা। ব্রেইনে সিরিয়াস অপারেশন হবে।’ এরপর আমাকে ক্ষমার ভঙ্গিতে বললেন, ‘যাই, একটু দেইখা আসি ভাই, মেকআপ ম্যান ঠিকমতো মাথা ফাটাইতে পারসে কিনা।’

রাতে সিটি করপোরেশনের এক পরিচিত অফিসার ফোন করে জিজ্ঞেস করলেন, ‘কী ব্যাপার ভাই, শুনলাম ক্লিনিক খুইলা বসছেন। রেজিস্ট্রেশন ছাড়া?’ হেসে বললাম, ‘নাহ, ক্লিনিক বন্ধ হয়ে গেছে।’

এক সপ্তাহ পর। অন্য আরেক ছবির শুটিং।

দুপুরে গিয়ে দেখি পুরো বাড়িকে বিয়ে বাড়ি সাজানো হয়েছে। এলাহী কারবার। কয়েক টেবিলজুড়ে খাবারদাবার। খানসামাদের ছুটোছুটি। নানা সাজে অতিথিদের আনাগোনা। আবাক হলাম, বিল্ডিংয়ের ছাদের বিভিন্ন কোনায় অস্ত্রধারী পুলিশ বসে আছে পজিশন নিয়ে। গেটের পাশে পুলিশের গাড়ি। সব নকল, ডামি। পরিচালককে বললাম, ‘কাহিনি কী?’ বললেন, ‘নায়িকার বিয়ে।’ বললাম, ‘তো পুলিশ কেন?’ বললেন, ‘নায়িকার এক গুন্ডার সঙ্গে প্রেম। বাবা জোর করে বিয়ে দিতেসে ইঞ্জিনিয়ারের সঙ্গে। মেয়ের দেহ ইঞ্জিনিয়ারে, মন গুন্ডায়। অনুষ্ঠানে গুন্ডাটা হামলা করবে বন্ধুবান্ধব নিয়ে। পুলিশ করবে কাউন্টার অ্যাটাক। গুন্ডা মেয়ে নিয়ে ভাগবে। ভাই, একটা বাজে বিষয় ঘটে গেছে।’ বললাম, ‘কী?’ বললো, ‘সকালে আমার গাড়ির সঙ্গে এক মাইক্রোবাস লাগায় দিসিলো। ঝাড়ি দিছি। বাজেভাবে কথা-কাটাকাটি হইছে। যাওয়ার সময় বইলা গেসে, দেইখা নিবে। শুনলাম, ওরা নাকি স্থানীয় কোন ক্লাবের।’ বললাম, ‘থানায় জানিয়েছেন?’ বলল, ‘শুটিংয়ে যে নকল বোম-পটকা ফুটবে, সেইটা জানাইছি। এইটা জানাই নাই।’ আশ্বস্ত করলাম। থানায় জানানোর ব্যবস্থা করলাম। হঠাৎ দেখি পাশে সিটি করপোরেশনের সেই অফিসার দাঁড়ানো। হ্যান্ডশেক করে বলল, ‘ভাই, পাঁচ দিন আগে শুনলাম ক্লিনিক, এখন দেখি কমিউনিটি সেন্টার?’ হেসে ঘটনা বললাম। মহা উৎসাহে বলল, ‘তাইলে মাইরপিটটা দেখেই যাই। আমার ভাগনিরও একই ঘটনা ঘটেছিল!’

পরিচালকের অ্যাকশন বলার সঙ্গে শুরু হলো, হলুদ বাটো, মেন্দি বাটো। সঙ্গে সঙ্গে হানা দিল গুন্ডা নায়ক। ঢুকেই এক লাথি দিল মুখে রুমাল দেওয়া ইঞ্জিনিয়ারকে। ফুটবলের মতো উড়ে গেল ইঞ্জিনিয়ার। শুরু হলো ভেতরে ঢিশুম ঢিশুম মারপিট! বিয়ে বাড়ির হই হুল্লোড়-ছোটাছুটি-চিৎকার! মুরগির রান হাতে ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে স্যুট-টাই পরা মোটা মতন এক অতিথি!

বাইরে থেকে শুরু হলো পুলিশের যান্ত্রিক অ্যাকশন-গুড়ুম গুড়ুম! কাগজের পটকাবাজি। গুন্ডা নায়ক বউ সাজে নায়িকাকে বাইকের পেছনে উঠিয়ে বাইক বহরসহ পালাচ্ছে। পেছনে তাড়া করছে নকল পুলিশের গাড়ি, ফুটছে কাগজের পটকা!

রাস্তার ওই মাথায় যে স্থানীয় ক্লাবের মাস্তানরা মাইক্রোবাস নিয়ে এসে ওত পেতে ছিল, তা কেউ দেখেনি। নকল পুলিশের গাড়িকে আসল ভেবে ওরাও মাইক্রোবাস ঘুরিয়ে দিল ভোঁ-ও-ও টান!

কাগজের পটকা তখনো ফুটছে, গুড়ুম গুড়ুম!

‘কাট ইট, ওকে শট!’ বললেন পরিচালক। সব সুনসান।

হঠাৎ পেছন থেকে ‘হো-হো-হো’ হাসির শব্দ। দেখি থানার আসল গাড়ি থেকে নামছেন অফিসার। বললেন, ‘বি-উ-টি-ফু-ল! ’ এতক্ষণ নির্দিষ্ট দূরত্ব থেকে তিনিও উপভোগ করছিলেন দৃশ্যটি।

এদিকে বর সাজের ইঞ্জিনিয়ারকে ভেতর থেকে চ্যাংদোলা করে নিয়ে আসছে কয়েকজন। গুন্ডা নায়কের ফলস লাথিটা অরিজিনালিই ব্যাচারার থুতনির নিচে লেগে ভীষণ ফুলে গেছে। ‘বরফ লাগবে!’ কেউ একজন চিৎকার করে বলল!

শায়ের খান: লেখক, নাট্যকার, নির্মাতা