‘আমার স্বপ্ন’তে মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃষ্টিকর্তার খেয়ালে তাঁরা অন্য সব মানুষের চেয়ে কিছুটা ভিন্ন। কেউ কানে শোনেন না, আবার কেউ বলতে পারেন না, কেউ আবার সুন্দর এই পৃথিবীর আলো থেকে বঞ্চিত। কিন্তু শারীরিক এসব বাধা তুচ্ছ করে তাঁরা সৃজনশীলতার মধ্য দিয়ে অপরূপ উপস্থাপন করে চলেছেন নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় তার নমুনা দেখা গেল রোববার সন্ধ্যায়।চায়না ডিজঅ্যাবলড পিপলস পারফর্মিং আর্ট ট্রুপের (সিডিপিপিএটি) শিল্পীদের নান্দনিক পরিবেশনায় মুগ্ধ হলো ঢাকার দর্শক। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর শান্তিদূত সম্মাননাপ্রাপ্ত দলটি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে। গত শনিবার থেকে শিল্পকলা একাডেমীতে তারা ‘আমার স্বপ্ন’ বা ‘মাই ড্রিম’ শীর্ষক দুই দিনের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। বর্ণিল এই আয়োজনে ছিল সিডিপিপিএটির শিল্পীদের মনমাতানো নাচ ও গানের সমন্বিত পরিবেশনা। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশের চীনা দূতাবাস, শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টার।গতকাল রোববার শেষ দিনে ঢাকার এই পরিবেশনায় অংশ নেন সিডিপিপিএটির ৩৮ সদস্য। মূলত দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী শিল্পীরাই এর সদস্য। তাঁদের নিপুণ ও নান্দনিক পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। দেড় ঘণ্টার সাংস্কৃতিক আয়োজন নিয়ে তাঁরা হাজির হন দর্শকদের সামনে। মাই ড্রিম নামের ওই স্বতন্ত্র ধারার পরিবেশনায় উঠে এসেছে চীন ও আন্তর্জাতিক সংস্কৃতির সমন্বিত মেলবন্ধনে গড়া বিশেষ নৃত্য-আঙ্গিক। ‘থাউজেন্ড হ্যান্ড বোধিসত্তা’ নামের অসাধারণ নাচের পরিবেশনায় অংশ নেন ২১ শ্রবণপ্রতিবন্ধী নৃত্যশিল্পী। ছিল নৃত্যনাট্য, গান ও বাদ্যযন্ত্রের সুর-মূর্ছনা। অনুষ্ঠানের একপর্যায়ে ‘একটি বাংলাদেশ’ গানটি পরিবেশন করেন দৃষ্টিপ্রতিবন্ধী এক চীনা শিল্পী।