বন্যা মির্জা। অভিনেত্রী। আজ মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে তাঁর অভিনীত পিঞ্জর ধারাবাহিকটি

‘পিঞ্জর’-এ আমি...
খুব চমৎকার একটি চিত্রনাট্য। লিখেছেন বদরুল আনাম সৌদ। পরিচালনাও করেছেন তিনি। বিশাল ক্যানভাসের গল্প, দৃষ্টিভঙ্গি অনেক বিস্তৃত এবং প্রতিটি চরিত্রই একদম আলাদা রকমের। এই চরিত্রগুলোর বিন্যাসও চমৎকার। সব মিলিয়ে খুব উপভোগ করছি অভিনয় করে।
মানস যখন সহঅভিনেতা...
আমার স্বামী মানস চৌধুরীও এই ধারাবাহিকে অভিনয় করছেন। এবারই প্রথম তাঁকে সহঅভিনেতা হিসেবে পেলাম। তবে অভিনয়ের সময় আমি আলাদাভাবে সেটা খেয়াল করিনি। কারণ, অভিনয়ের সময় আমার সব মনোযোগ থাকে পরিচালকের দিকে। তবে বাসায় বসে টিভিতে দেখার সময় মানসের চরিত্রটির প্রতি মায়া অনুভব করেছি। এই অনুভূতির পুরোটাই বদরুল আনাম সৌদের কৃতিত্ব।
‘এলেবেলে’...
এই ধারাবাহিকটি পিঞ্জর ধারাবাহিকের বিপরীত। এখানে অনেক শারীরিক কসরত করে অভিনয় করতে হয় আমাদের। ভাষা নিয়ে খুব পরিশ্রম করতে হয়। এখানে অনেক ভালো অভিনয়শিল্পী কাজ করছেন। ফলে সব সময় ভয়ে থাকি—অভিনয় ঠিকমতো হচ্ছে তো!
ধারাবাহিক ধারাবাহিক...
এখন আমি বেশ কটি ধারাবাহিকে কাজ করছি। কয়েকটি নিয়মিত প্রচারিত হচ্ছে। ধারাবাহিকগুলোর মধ্যে অন্দরমহল, কেবলই স্বপন করেছি বপন, সংঘাত, চান্দের গাড়ি উল্লেখযোগ্য। এতগুলো কাজ করতে পারছি সময়নিষ্ঠার কারণেই। শিডিউল ঠিকমতো সাজানো থাকলে সবকিছুই ভালোভাবে করা সম্ভব।
মাহফুজ রহমান