
আমিন খান। বড় পর্দার অন্যতম জনপ্রিয় নায়ক। সম্প্রতি বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সোহানুর রহমান সোহান পরিচালিত লোভে পাপ পাপে মৃত্যু ছবিটি। এতে অভিনয় করেছেন তিনি
চলচ্চিত্রে আমার শুরু...
চলচ্চিত্রে আমার শুরুটা হয়েছিল ১৯৯৩ সালে। ছবির নাম অবুঝ দুটি মন। এরপর সোহানুর রহমান সোহানের তিন নম্বর চলচ্চিত্রে আমার অভিনয় করার কথা ছিল। পারিশ্রমিকও নিয়েছিলাম। কাজটা করা হয়নি। এবার তাঁর ৩২ নম্বর ছবিতে অভিনয় করেছি।
‘লোভে পাপ পাপে মৃত্যু’...
লোভে পাপ পাপে মৃত্যু ছবিটি প্রথম সপ্তাহে গড়পড়তা ব্যবসা করলেও পরের সপ্তাহে তা ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাগৃহের খবর শুনে আমরা মুগ্ধ। ছবিতে আরও অভিনয় করেছেন রিয়াজ ও পূর্ণিমা।
এখন যা করছেন...
ইতিহাসনির্ভর চলচ্চিত্র দুদুমিয়ার কাজ করছি। গল্পের প্রেক্ষাপটের কারণে বড় আয়োজন আর সময় নিয়ে কাজটি হচ্ছে। এপ্রিল মাসে ছবির কাজ শেষ হবে। আমার সঙ্গে অভিনয় করছেন নওশীন।
ছোট পর্দায় আমি...
১৯৯৫ সালে ছোট পর্দায় প্রথম কাজ করি। ইদানীং ছোট পর্দায় একটু বেশি সময় দিচ্ছি। আমি একজন অভিনয়শিল্পী। গল্প পছন্দ হলে যেকোনো মাধ্যমেই কাজ করব।
আমার ইচ্ছে...
চলচ্চিত্রে কাজ করছি ২২ বছর হলো। এই সময়ের মধ্যে আমার অভিনীত ১৮০টি ছবি মুক্তি পেয়েছে। নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি। এবারই প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনির চলচ্চিত্রে কাজ করছি। এ ধরনের চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে অনেক দিনের।
আমার প্রিয় সহশিল্পীরা...
চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবাই আমার অনেক প্রিয়। তবে সহশিল্পী হিসেবে যাঁদের সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেছি, তাঁদের মধ্যে আছেন শাবনূর, পূর্ণিমা ও নিপুণ। এ ছাড়া পরিচালকদের মধ্যে আছেন মালেক আফসারী, মনতাজুর রহমান আকবর ও এফ আই মানিক।
বিনোদন প্রতিবেদক