'আমি অভিনয় পারি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানজির তুহিন
তানজির তুহিন

তানজির তুহিন। শিরোনামহীন ব্যান্ডের ভোকাল, অভিনয়ও করছেন। আজ চ্যানেল নাইনে আবার দেখানো হবে তাঁর অভিনীত আহ! সমুদ্র নাটকটি।
জীবনের প্রথম সমুদ্রদর্শন...
১৯৯২ সালের কথা। এসএসসি পরীক্ষা শেষে বন্ধুরা মিলে গিয়েছিলাম কক্সবাজারে। তখন তো অনেক ছোট ছিলাম, সমুদ্র বিশাল! প্রথম সমুদ্র দেখে স্বভাবতই নিজেকে আরও ছোট মনে হচ্ছিল।
‘আহ! সমুদ্র’...
রোজার ঈদে প্রচারিত হয়েছিল নাটকটি। আশুতোষ সুজনের লেখা ও পরিচালিত। এই নাটকে সমুদ্রই প্রধান চরিত্র। আমি মোহগ্রস্ত হয়ে পড়ি সমুদ্রের ওপর। ভুলে যাই প্রেমিকাকে। কিন্তু একসময় আবার মোহ কেটেও যায়।
আমি...সমুদ্র...
আমি তো ক্ষুদ্র মানুষ, সমুদ্রের সঙ্গে তুলনা চলে না!
‘শিরোনামহীন’...
খুব ভালো সাড়া পেয়েছি। আড়াই বছর পরে অ্যালবাম করেছি, আগের ভুলত্রুটি-সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা ছিল। শ্রোতারা বেশ প্রশংসা করছেন, আমরা অত্যন্ত আনন্দিত। এখন ছুটিতে আছি। গত তিন দিন ছিলাম রাজশাহীতে, কনসার্ট করলাম।

যেদিন জানলাম আমি অভিনয় করতে পারি...
স্কুল পালিয়ে একবার ধরা পড়েছিলাম! তারপর বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে পার পেয়েছিলাম, সেদিনই বুঝেছি আমি অভিনয় পারি! যেকোনো ঘরানার শিল্পীকেই অভিনয় জানতে হয়। মঞ্চের সামনে হাজার হাজার দর্শক-শ্রোতাকে সামলে রাখতে হলে অভিনয়ের বিকল্প নেই।
‘স্পুক’ ও অভিনেতা আমি...
স্পুক নাটকটি আমার অভিনয়জীবনের বিশেষ একটি অধ্যায়। এ ছাড়া মধ্যরাতে তিনজন দুর্ভাগা তরুণ, মিথ্যা তুমি দশ পিঁপড়াসহ আরও কয়েকটি নাটকের কথাও বলতে হয়। ভালো গল্প হলে অভিনয় করতে সমস্যা নেই।
নতুন নাটক...
এখন মিজানুর রহমান আরিয়ানের ট্রাম্পকার্ড নাটকের শুটিং করছি। এর প্রথম পর্বটি প্রচারিত হয়েছিল গত ঈদে। এ ছাড়া আশুতোষ সুজনের আততায়ীসহ আরও দুটি নাটকে অভিনয় করব।
ছবি আঁকাআঁকি...
আমি তো বড় শিল্পী নই। তাই মিনিয়েচার ধরনের ছবি আঁকি। এ বছরের শেষ দিকে প্রদর্শনী করার ইচ্ছা আছে।
মাহফুজ রহমান