আফরান নিশো। ছোট পর্দার অভিনয়শিল্পী। আজ রাতে গাজী টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক লোটাকম্বল। সঞ্জীব চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। নাটকটিতে অভিনয় করেছেন নিশো

‘লোটাকম্বল’...
অনেক নাটকে অভিনয় করেছি। লোটাকম্বল আমার কাছে একেবারেই অন্য রকম মনে হয়েছে। পরিচালক যথেষ্ট পরিশ্রম করেছেন। নাটকে আমি অশরীরি চরিত্রের একজন মানুষ। এ ধরনের চরিত্রে আগে কখনো অভিনয় করা হয়নি।
অশরীরি নিশো!...
আমার চরিত্রটির বাস্তব কোনো অস্তিত্ব নেই। কখনো হাসি, কখনো কেঁদে উঠি, আবার কখনো রেগে যাই। মিশ্র সব অভিব্যক্তি দিতে হয়েছে। বারবার মনে হয়েছে, কাজটি সবার পছন্দ হবে তো? কিন্তু সম্পাদনার পর নাটকটি দেখে সবাই বেশ খুশি হয়েছেন। আমার কাছেও ভালো লেগেছে।
আর যা করছি...
লোটাকম্বল ছাড়া আরও তিনটি ধারাবাহিক নাটকের কাজ করছি। এগুলো হচ্ছে কৌশিক শংকর দাশের নীল রঙের গল্প, অঞ্জন আইচের জল ফড়িংয়ের গল্প ও গৌতম কৈরির অপূর্বা। কয়েকটি খণ্ডনাটকের কাজও করছি। একটা কথা বলে রাখি, নায়ক নয়, আমি অভিনেতা হতে চেয়েছি।
অভিনেতা হিসেবে অর্জন...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ব্যক্তি নিশোকে প্রতিনিয়ত পরিশুদ্ধ করছি। অভিনেতা হিসেবে আমাকে সব সময় চারপাশ পর্যবেক্ষণ করতে হয়। এরপর তা নিজের চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলি। অনেকেই বলেন, অভিনয়শিল্পীরা অগোছালো। আমি বলব, অভিনয়শিল্পীরা অনেক গোছানো, পরিপাটি এবং দায়িত্বশীল।
চলচ্চিত্র ভাবনা...
আমি চলচ্চিত্রে অভিনয় করব। সে জন্য বছর খানেক সময় নিচ্ছি। নাটকের কাজের ফাঁকে চলচ্চিত্রের প্রস্তুতিও নিচ্ছি।
বিয়ে...
১৩ বছর প্রেমের পর বিয়ে করেছি। দুই পরিবারের সম্মতিতে তা হয়েছে। আমি চাইনি বিয়ের খবরটা সবাইকে জানাতে। তাই শুধু পরিবারের লোকজনকে নিয়েই বিয়ের কাজটা সেরেছিলাম।