'আমি অভিনয়ের মানুষ না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক থো প ক থ ন: এস আই টুটুল। সংগীতশিল্পী। শখের বশে মাঝেমধ্যে অভিনয়ও করেন। চ্যানেল আইয়ে শনি থেকে মঙ্গলবার রাতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক এ টিম। নাটকটিতে অভিনয় করেছেন তিনি

এস আই টুটুল
এস আই টুটুল

কেমন আছেন?
ভালো নেই। এখন হলো কাজের সময়। কিন্তু গত কয়েকটা মাস কোনো শো নেই। কোনো আয়-রোজগার নেই। নিজেদের এই অবস্থা কারও কাছে বলতে পারছি না, আবার সহ্যও করতে পারছি না।
আপনি তো দেশের বাইরে প্রায়ই অনুষ্ঠান করেন।
বছরে কয়েকবার যাওয়া হয়। দেখুন, অমি কিন্তু কয়েকবার একাধিক দেশে স্থায়ীভাবে যাওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু যাইনি। দেশটাকে, এই দেশের মানুষকে ভালোবাসি বলেই তা পারিনি। চোখের সামনে লাল-সবুজ পতাকাটা তখন ভেসে উঠেছে। আজকে যা দেখছি, তা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।
এবার আপনার অভিনয় নিয়ে কথা বলি।
আমি অভিনয়ের মানুষ না। যে কয়টা কাজ করেছি, সব কটিই অনুরোধের কারণে। এ টিম ধারাবাহিকে কাজ করেছি বউয়ের (তানিয়া আহমেদ) অনুরোধে। নাটকটি তানিয়া পরিচালনা করেছেন।
আপনি কেমন অভিনয় করেন—এ ব্যাপারে কখনো ভেবেছেন?
এ টিম নাটকটি দেখে অনেকেই বলেছেন, আমি নাকি ভালো অভিনয় করেছি। এত দিন জানতাম, আমি শুধু স্ত্রী আর সন্তানদের সঙ্গেই ভালো অভিনয় করি। হা হা হা।
‘এ টিম’ নাটকের কাজ তো দেশের বাইরে হয়েছে।
হ্যাঁ, দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের শহর কেন্ট। এখানে আমরা কাজ করেছি। ওখান থেকে ইংলিশ চ্যানেল দেখছি। সে এক মজার অভিজ্ঞতা! আর এই নাটকে আমার মা অভিনয় করেছেন। টিভির পর্দায় নাটকে যেদিন মাকে দেখেছি, সেই আনন্দ বলে বোঝাতে পারব না।
আপনাদের স্কুলের খবর কী?
আমি আর তানিয়া মিলে উত্তরায় একটি স্কুল দিয়েছি। নাম ‘অল সেইন্টস’। ডে কেয়ার স্কুল। এখন মিউজিক ও আর্টও শেখানো হচ্ছে। দেশের এই পরিস্থিতিতে স্কুলের অবস্থাও তেমন ভালো না। আশা করছি, চিত্রটা পাল্টে যাবে।
বিনোদন প্রতিবেদক