‘আমি আসছি’
‘আমি আসছি। অনেক দিন ক্যামেরার সামনে থেকে দূরে আছি। দোষটা আসলে আমারই। মনে হলো, কাজ করব না, ভালো লাগছে না, তাই করিনি। সব ছেড়েছুড়ে দূরে চলে যাই। নিজের মতো করে ছিলাম। আর ভালো লাগছে না। মন পড়ে আছে অভিনয়ে। শুধু ভাবছি, কবে আবার ক্যামেরার সামনে দাঁড়াব। অনেক দিন তো বিশ্রাম নিয়েছি। এখন আবার কাজ শুরু করছি।’ বললেন তিন্নি। প্রায় তিন বছর পর আবার নাটকে কাজ করতে যাচ্ছেন তিনি। জানা গেছে, কোনো সমস্যা না হলে ২৫ ও ২৬ নভেম্বর তিনি একটি নাটকের শুটিং করবেন। নাটকের নাম আলোতে অন্ধকারে। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।তিন্নি জানান, ব্যক্তিগত কাজে তিনি মাস চারেক ভারতে ছিলেন। সামনে আবার সেখানে এক মাসের জন্য যেতে হবে। ভারত থেকে ফিরে আসার পর নাটক ও চলচ্চিত্রে পুরোপুরি মন দেবেন।গত রোজার ঈদে মুক্তি পায় তিন্নি অভিনীত চলচ্চিত্র সে আমার মন কেড়েছে। এই ছবিতে তিন্নি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে।