সত্তরের দশকের শেষ দিকে আমি টেলিভিশনের দর্শক হই। সে সময়ের সাদাকালো টেলিভিশনে সাপ্তাহিক নাটকগুলো ছিল আমাদের একমাত্র দেখার বিষয়। আমি মুগ্ধ হয়ে বাংলাদেশ টেলিভিশনের নাটক দেখতাম আর মনে মনে প্রার্থনা করতাম, এ সপ্তাহের নাটকটি যেন আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় নির্মিত হয়। আমার স্মৃতিতে বিটিভি থেকে প্রচারিত দুরবিন দিয়ে দেখুন, বাবার কলম কোথায়, সার্কাস দেখুন, সুখের উপমা, নীল নকশার সন্ধানে-র মতো কিছু নাটক রয়েছে। ৮০ বছরের এই জীবনের প্রায় শেষ প্রান্তে তিনি এসে পড়েছেন। মরণব্যাধি ক্যানসার তাঁকে আক্রান্ত করে ফেলেছে। প্রোস্টেটের ক্যানসার ছড়িয়ে গেছে এখন তাঁর শরীরের হাড়ে। তাঁর কিডনিও আক্রান্ত। তিনি সবই জানেন, খুব স্পষ্ট করে বললেন, ‘খুব সামান্য দিন আমি আর বেঁচে আছি, আমার সময় শেষ।’আতিকুল হক চৌধুরী তাঁর জীবন ইনিংসের শেষ উইকেটের প্রান্তে দাঁড়িয়ে। এর মধ্যে তাঁর সঞ্চয় অনেক। বাংলাদেশ বেতার আর টেলিভিশন—এ দুয়ের সূচনাকাল থেকেই তিনি আছেন। ৫৩ বছরে এ পর্যন্ত প্রায় সাড়ে ৪০০ বেতার ও টেলিভিশন নাটকের নির্মাতা তিনি। অধিকাংশ নাটকই তাঁর নিজের লেখা। কালজয়ী বেশ কিছু গল্প-উপন্যাসেরও অসাধারণ নাট্যরূপ দিয়েছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনে যখন নাটক হয়েছে, পর্দায় সিনেমা হয়েছে। কিন্তু টেলিভিশনের জন্য কী ফর্মে নাটক হবে, এ কাঠামোটি যে দু-তিনজন গুণী নির্মাতা ঠিক করেছিলেন, তাঁদের একজন পথিকৃৎ নাট্যনির্মাতা এই আতিকুল হক চৌধুরী।সত্তর ও আশির দশকে প্রায় রাস্তা থেকে ধরে এনে একসময় যাঁদের তিনি ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন, তাঁদের অনেকে এবং প্রায় সবাই আজ স্বমহিমায় উদ্ভাসিত তারকা খ্যাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের প্রায় সবারই এখন অনেক ব্যস্ততা। আতিকুল হক চৌধুরী কোথায় কীভাবে দিনযাপন করছেন, তা দেখার মতো শিডিউল তাঁদের নেই। কিন্তু এ নিয়ে কোনো খেদ নেই এই মানুষটির।গত ২৬ মার্চ ২০১৩, সন্ধ্যাবেলা কলাবাগানের ফ্ল্যাটে তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ। বিছানায় শুয়ে যখন কথা বলতে শুরু করলেন, তখন তিনি সাবলীল, প্রখর স্মৃতিশক্তি তাঁর। আতিকুল হক চৌধুরী বলেন, ‘আমার নাটকের কথা আমি বলছি না, আবদুল্লাহ-আল মামুন, গোলাম মুস্তাফা, মোস্তফা কামাল সৈয়দ, মোস্তাফিজুর রহমান, নওয়াজিশ আলী খান, জিয়া আনসারী—সবার নাটকই ভালো নাটক। প্রশাসনের কাজে আমি কখনোই তৃপ্তি পাইনি। আমি নাটক বানানোর কাজেই আনন্দ পেতাম। আমি মনে করি, আমি একজন সাধারণ নাট্যনির্মাতা ছিলাম।’ বর্তমান সময়ের টেলিভিশন নাটক নিয়ে বলেন, ‘নাটকের কোনো অবস্থাকে দোষ দেওয়া যায় না। এ অবস্থা চলবে। আবার নতুন অবস্থায় যাবে। আমাদের তরুণ প্রজন্ম ভালো ভালো নাটক তৈরি করছে, কিন্তু সেই নাটকগুলো চোখে পড়ছে না। আর ভালো নাটক তৈরি না হওয়ার প্রধান কারণ হলো বাণিজ্যিক মনোভাব। টেলিভিশনের মালিকেরা বাণিজ্য ছাড়া কিছু বোঝেন না।’পরবর্তী প্রজন্ম নিয়ে বলেন, ‘এই সময় থাকবে না। তরুণ প্রজন্ম আসবে, ভুলত্রুটি বুঝতে পারবে, নতুনভাবে নতুন আঙ্গিকে নাটক করবে। দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার থেকে বড় জিনিস আর কিছু নেই। নাট্যকার মামুনুর রশীদের উদ্যোগে ফরিদুর রেজা সাগরসহ খুব অল্পসংখ্যক সংস্কৃতিকর্মীর কাছ থেকে এই নাট্যনির্মাতার জন্য সামান্য কিছু অর্থ সংগ্রহ করেছিলাম আমরা। তাঁর হাতে সেটি দিয়ে আসি। প্যাকেটটি তাঁর স্ত্রীর কাছে দিয়ে বললেন, ‘এই মুহূর্তে এটা আমার খুব দরকার ছিল। তোমাদের এই ভালোবাসার ঋণ আমি কোনোভাবেই শোধ করতে পারব না।’ আমরা বলি, এ সামান্য মাত্র পিতৃঋণ শোধ। ‘বাবার কলম’ কোথায় হারিয়ে গেছে বলে কি সন্তানের দায়িত্ব শেষ হয়ে যাবে?