'আমি এখন অনেক কৌশলী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ আকবর
আসিফ আকবর

আসিফ আকবর। সংগীতশিল্পী। এবার ঈদে এসেছে আসিফের অ্যালবাম ঝগড়ার গান। এতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। অ্যালবামটি বাজারজাত করছে আর্ব এন্টারটেইনমেন্ট। কথা হলো আসিফের সঙ্গে।
‘ঝগড়ার গান’...
আমি ব্যক্তিগতভাবে ন্যান্সির গান খুব পছন্দ করি। তাঁর কণ্ঠ চমৎকার। এবার প্রথম আমরা দ্বৈত কণ্ঠে গাওয়া গানের অ্যালবাম প্রকাশ করলাম। আর নামের মধ্যে একটা আকর্ষণ রাখার জন্যই ঝগড়ার গান রাখা হয়েছে। প্রেম তো শুধু আনন্দ দিয়ে ভরা থাকে না, এর মধ্যে থাকে বিরহ, মান-অভিমান। সবকিছু মিলেই প্রেম পূর্ণতা পায়।
অ্যালবামটির বিশেষত্ব...
আমাদের দেশে দ্বৈত গানের অ্যালবাম মানে একটি অ্যালবামে দ্বৈত কণ্ঠের দু-তিনটি গান থাকবে। কিন্তু ঝগড়ার গান অ্যালবামে সব কটি গানই দ্বৈত কণ্ঠে গাওয়া। অ্যালবামে মোট গান রয়েছে ১২টি। এর মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের দুটি জনপ্রিয় গান রেখেছি—‘এই রাত’ আর ‘আয় খুকু আয়’। মৌলিক গানগুলোর সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল। আর সংগীতায়োজনে আহমেদ কিসলু। এখন যে ধরনের গান হচ্ছে, ঝগড়ার গান অ্যালবামের গানগুলো তা থেকে একেবারেই আলাদা।
‘সন্দেহ’...
সন্দেহ আমার আর ন্যান্সির আরেকটি দ্বৈত কণ্ঠের গানের অ্যালবাম। ভালোবাসা দিবসে প্রকাশিত হবে। এ ছাড়া সামনে এ প্রজন্মের আরও কয়েকজন শিল্পীর সঙ্গে দ্বৈত গানের অ্যালবাম করব। এই শিল্পীদের মধ্যে আছেন কনা, কোনাল, মিমি ও শশী।
আসিফ এখন...
সংগীতাঙ্গনে শুরুর দিকের আসিফ আর এ সময়ের আসিফের মধ্যে অনেক পার্থক্য। আসিফ এখন অনেক পরিণত। আমি এখন অনেক কৌশলী। কাজের ধরনও পাল্টেছি।
মিউজিক ইন্ড্রাস্ট্রি এখন...
মিউজিক ইন্ড্রাস্ট্রি এখন স্যাটেলাইটের ওপর দাঁড়িয়ে আছে। যাঁরা বলেন মিউজিক ইন্ড্রাস্ট্রিতে ব্যবসা নেই, আমি তাঁদের ঘোর বিরোধী। এখন ব্যবসার ক্ষেত্র বেড়েছে। সিডির পাশাপাশি ডিজিটালি অনেক ক্ষেত্র তৈরি হয়েছে। যাঁদের অ্যালবাম ব্যবসা করতে পারে না, তাঁরা ব্যর্থ শিল্পী।
গায়ক না হলে...
আমি ক্রিকেটপাগল। গানের সঙ্গে জড়িত না হলে ক্রিকেট খেলতাম।
 বিনোদন প্রতিবেদক